ভারতের স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ করল বাংলাদেশ

- A Monitor Desk Report Date: 20 February, 2026
ভারতের স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ করল বাংলাদেশ

বকেয়া পাওনা পরিশোধ না করায় ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটের ওপর কঠোর ব্যবস্থা নিল বাংলাদেশ। এখন থেকে দেশটির আকাশসীমা ব্যবহার করতে পারবে না এই এয়ারলাইন্সটি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের এই নিষেধাজ্ঞার ফলে বড় বিপাকে পড়েছে স্পাইসজেট। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী, কলকাতা থেকে গুয়াহাটি এবং ইম্ফলের মতো উত্তর-পূর্ব ভারতের গন্তব্যগুলোতে যাওয়ার জন্য এখন অনেক ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে সংস্থাটিকে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট 'ফ্লাইটরাডার ২৪'-এর তথ্য বলছে, বৃহস্পতিবার থেকেই স্পাইসজেটের বিমানগুলো বাংলাদেশের ওপর দিয়ে না গিয়ে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করছে। এতে ফ্লাইটের সময় বাড়ার পাশাপাশি জ্বালানি খরচও বহুগুণ বৃদ্ধি পাচ্ছে, যা আর্থিক সংকটে থাকা সংস্থাটির জন্য নতুন চাপ সৃষ্টি করেছে।

বিষয়টিকে 'রুটিন বিষয়' দাবি করে স্পাইসজেটের মুখপাত্র জানিয়েছেন, তারা দ্রুত সমাধানের চেষ্টা করছেন। তবে গত ডিসেম্বরের রিপোর্টে দেখা গেছে, এয়ারলাইন্সটি প্রায় ২৭০ কোটি রুপি লোকসান করেছে। এমন আর্থিক সংকটের মাঝেই বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় এই নিষেধাজ্ঞার মুখে পড়ল তারা।

দ্রুত বকেয়া পরিশোধ না করলে স্পাইসজেটের অপারেশনাল ব্যয় আরও আকাশচুম্বী হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

-S

Share this post



Also on Bangladesh Monitor