বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব জুরাব পোলোলিকাশভিলি এর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার ইউএনডব্লিউটিও’র সদস্য দেশগুলোর অংশগ্রহণে কমিশন ফর এশিয়া প্যাসিফিক ও কমিশন ফর সাউথ এশিয়ার যৌথ ভার্চুয়াল সম্মেলন হয়। সেখানে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ভাইস-চেয়ার নির্বাচিত হয়। ২০২৩ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করবে বাংলাদেশ।
ইউএনডব্লিউটিও’র কমিশন ফর এশিয়া প্যাসিফিক ও কমিশন ফর সাউথ এশিয়া যৌথভাবে এই ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে।
এছাড়া এ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো বাংলাদেশের পাশাপাশি ইরানকেও কমিশন ফর সাউথ এশিয়ার (সিএসএ) ভাইস-চেয়ার নির্বাচিত করেছে। এর আগে, ২০১৯-২০২১ মেয়াদে কমিশন ফর সাউথ এশিয়ার ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করে ভারত ও শ্রীলংকা।
বাংলাদেশের এই অর্জনের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ায় ভাইস চেয়ার পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ এই অঞ্চলের পর্যটন ব্যবস্থাপনায় নেতৃত্বের স্থানে আসীন হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে আমাদের এই অর্জন বাংলাদেশের পর্যটন উন্নয়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সারা বিশ্বে পর্যটনের নিরাপদ ও স্বাভাবিক-বিকাশ সম্প্রসারণে জাতিসংঘের পর্যটন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ডব্লিউটিও কাজ করে যাচ্ছে। ৬টি আঞ্চলিক সংগঠনের সমন্বয়ে ইউএনডব্লিউটিও’র কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে কমিশন ফর সাউথ এশিয়া অন্যতম।