সৌদি আরবে মাঝ আকাশে সন্তান প্রসব করেছেন এক বাংলাদেশি নারী। শুক্রবার (৩ নভেম্বর) অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইটে কন্যা সন্তান জন্ম দেন ওই নারী। রবিবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানায় মধ্যপ্রাচ্চের একটি সংবাদপত্র।
প্রতিবেদনে বাংলাদেশি ওই নারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে, ওই নারীর বয়স ত্রিশের কোঠায়।
আরও পড়ুন: হজের উড়োজাহাজ ভাড়া কমাতে প্রধানমন্ত্রীকে চিঠি
সৌদি সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবার সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি সৌদির তাবুক শহর থেকে জেদ্দায় যাচ্ছিলেন। উড়োজাহাজটি যখন ৩৬ হাজার ফুট ওপরে তখন হঠাৎ তার প্রসব ব্যথা শুরু হয়।
সৌভাগ্যক্রমে ওই বিমানে দুটি ফুটবল দল ভ্রমণ করছিল এবং দল দুটির সঙ্গে চিকিৎসকও ছিল। তাদের নির্দেশনায় উড়োজাহাজে থাকা অন্য এক যাত্রীর সহায়তায় নিরাপদেই সন্তান প্রসব করেন ওই নারী।
প্রাথমিকভাবে উড়োজাহাজে থাকা চিকিৎসকরা শিশুটির নাভির সঙ্গে সংযুক্ত নাড়ি না কাটার সিদ্ধান্ত নেন। উড়োজাহাজ অবতরণের পর যথাযথ মেডিকেল সহযোগিতা নিয়ে শিশুটির নাড়ি কাটা হয়।
জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয়, বাংলাদেশি ওই নারী উড়োজাহাজের মধ্যে সন্তান প্রসব করেছেন।
এ খবর পাওয়ার পর পাইলটকে দ্রুত উড়োজাহাজ অবতরণের নির্দেশ দেয়া হয়। অবতরণের সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ মা ও সদ্যোজাত সন্তানের চিকিৎসায় নারী চিকিৎসকসহ যথাযথ ব্যবস্থাও গ্রহণ করে।
মা ও সন্তান উভয়ের সুস্থতা নিশ্চিত হওয়ার পর তাদেরকে বিমানবন্দর থেকে জরুরি ভিত্তিতে কাছাকাছি একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ধরনের জরুরি কেস সামলানোর জন্য চলতি বছরের শুরুর দিকেই কিং আবদুল আজিজ বিমানবন্দরে একটি নারী চিকিত্সক দল মোতায়েন করা হয়।
-B