কলকাতা থেকে ঢাকায় পৌঁছেছেন ২২০ বাংলাদেশি যাত্রী

- মনিটর রিপোর্ট  Date: 07 January, 2025
কলকাতা থেকে ঢাকায় পৌঁছেছেন ২২০ বাংলাদেশি যাত্রী

ঢাকাঃ কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে থাকা ২২০ বাংলাদেশি যাত্রী ঢাকা পৌঁছেছেন। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকা ফিরছিলেন। সোমবার (৬ জানুয়ারি) রাত দেড়টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দো এয়ারের ফ্লাইটটি ঢাকায় রাত আড়াইটায় অবতরণ করেছে, জানিয়েছেন বিমানের কয়েকজন যাত্রী।

এর আগে,রবিবার (৬ জানুয়ারি) রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দো এয়ারের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) উড়োজাহাজটি ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করেছিল। উড়োজাহাজটি  রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

যাত্রীদের অভিযোগ, ১৬ ঘণ্টা পার হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সকাল গড়িয়ে দুপুর হলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি। 

নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি  রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টেই আটকা ছিলেন।

উড়োজাহাজটিতে কয়েকজন গুরুতর অসুস্থ যাত্রী ছিলেন। যাত্রীরা জানান, উড়োজাহাজ সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের সদরদপ্তরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে যাত্রীদের দুর্ভোগের খবর প্রকাশ হওয়ার পর উড়োজাহাজটির কর্তৃপক্ষ যাত্রীদের ঢাকায় ফেরানোর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

-B

Share this post



Also on Bangladesh Monitor