ঢাকাঃ পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক উপস্থিতি দিন দিন আরও সুসংহত হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ছাড়িয়ে এখন আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশেষ করে রেস্টুরেন্ট ও ট্যুরিজম খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের জয়জয়কার।
এই ধারাবাহিকতায় রাজধানী লিসবনের বাণিজ্যিক প্রাণকেন্দ্রে বাংলাদেশি উদ্যোক্তাদের হাত ধরে যাত্রা শুরু করেছে নতুন ফিউশন রেস্টুরেন্ট ‘আরবান টিফিন’ (Urban Tiffin)।
লিসবনের মার্তিম মোনিজ এলাকার সন্নিকটে আভেনিদা আলমিরান্তে রেইস (Avenida Almirante Reis 17A) এলাকায় অবস্থিত এই রেস্টুরেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও প্রবাসী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, লিসবনে আন্তর্জাতিক পর্যটক ও বহুসাংস্কৃতিক মানুষের আনাগোনা বাড়ার সাথে সাথে খাবারের রুচিতেও পরিবর্তন এসেছে। সেই চাহিদাকে গুরুত্ব দিয়ে রেস্টুরেন্টটিতে এশীয় ও ইউরোপীয় স্বাদের অপূর্ব সমন্বয়ে ফিউশন ফুড মেনু রাখা হয়েছে। এটি কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং পর্তুগিজ সমাজের সাথে বাংলাদেশি সংস্কৃতির এক মেলবন্ধন হিসেবে কাজ করবে।
সংশ্লিষ্টদের মতে, প্রবাসী বাংলাদেশিরা এখন আর শুধু শ্রমনির্ভর পেশায় সীমাবদ্ধ নেই; বরং মেধা ও সৃজনশীলতার মাধ্যমে সেবা খাতেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করছেন। এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে কমিউনিটির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
-B