সেপ্টেম্বরে ঢাকায় বাংলাদেশ-চীন এক্সিবিশন

-মনিটর রিপোর্ট Date: 26 July, 2025
সেপ্টেম্বরে ঢাকায় বাংলাদেশ-চীন এক্সিবিশন

ঢাকাঃ বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবে এবং চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের (বিআরআই) আওতায় শুরু হতে যাচ্ছে ‘দ্বিতীয় বাংলাদেশ-চীন এক্সিবিশন ২০২৫’।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ২ দিনব্যাপী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটি দুই দেশের অর্থনৈতিক, শিল্প ও অবকাঠামোগত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। 

প্রদর্শনীর আয়োজক হিসেবে রয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ও চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)। 

এ আয়োজনে অংশ নেবে বাংলাদেশ ও চীনের বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ শিল্প ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান। প্রদর্শনীতে থাকবে প্রকৌশল ও নির্মাণ, ভারী যন্ত্রপাতি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, ব্যাংকিং ও আর্থিক পরিষেবা, স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যালস, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, লজিস্টিকস ও সরবরাহ শৃঙ্খলসহ একাধিক খাতের প্রতিষ্ঠান ও সেবা।

চীনের বিনিয়োগে বাংলাদেশে এরই মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পে বাস্তবায়িত হয়েছে, এর মধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, কর্ণফুলী টানেল ও পায়রা বিদ্যুৎ কেন্দ্র অন্যতম। এ প্রকল্পগুলো অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিল্প ও বাণিজ্য খাতে গতিশীলতা তৈরি করেছে।

আয়োজকরা বলছেন, বাংলাদেশ-চীন এক্সিবিশন শুধু পণ্য প্রদর্শনীতে আবদ্ধ নয়, বরং এটি দুই দেশের উদ্যোক্তা, ব্যবসায়ী ও শিল্প প্রতিনিধিদের মধ্যে বিনিয়োগ সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব গঠনের গুরুত্বপূর্ণ সুযোগ।

তারা আশা করছেন দ্বিপক্ষীয় উন্নয়ন, আঞ্চলিক সংযোগ এবং অভিন্ন প্রবৃদ্ধির লক্ষ্যে এ প্রদর্শনী মাইলফলক হয়ে উঠবে। এটি দুই দেশের সম্পর্ককে আরো শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বাজারের খোঁজে উভয় পক্ষের জন্য দিগন্ত উন্মোচন করবে।

-B

Share this post



Also on Bangladesh Monitor