টিকিটে ১৫ শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ

-মনিটর রিপোর্ট Date: 30 October, 2025
টিকিটে ১৫ শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ

ঢাকাঃ ১৩তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার উপলক্ষ্যে আন্তর্জাতিক রুটের কয়েকটি ফ্লাইটের টিকিটে ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত কাটা টিকিটে ১৫ থেকে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রমতে, মেলা চলাকালীন সময়ে টরন্টো, ম্যানচেস্টার, সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাই, রোম, গুয়াঞ্জু, কাঠমান্ডু, কোলকাতা এবং দিল্লি রুটের ফ্লাইটে  ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে। তবে শুধুমাত্র লন্ডন রুটের বৃহস্পতিবারের ফ্লাইটেই ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। 

বিমানের বাণিজ্যিক ওয়েবসাইটে গিয়ে অথবা মেলার স্টল থেকে BGBTTF25 প্রমোকোড ব্যবহার করে টিকিট কাটলেই এই ছাড় পাবে বলে উল্লেখ করা হয়। 

বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক রুটে রোম, আবুধাবি, ব্যাংকক, গুয়াঞ্জু, কোলকাতা, দিল্লি, দাম্মাম, দোহা, দুবাই, চেন্নাই, টরন্টো, জেদ্দা, কাঠমান্ডু, কুয়েত, লন্ডন, কুয়ালালামপুর, ম্যানচেস্টার, ওমান, মদীনা, রিয়াদ, শারজাহ, সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করে।

এবারের ট্যুরিজম মেলায় মোট ২২০টি স্টল থাকছে। মেলায় অংশ নেবেন মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপসহ ১২টি দেশের প্রতিনিধি ও পর্যটন খাতের দেশি-বিদেশি ২ হাজারের বেশি ব্যবসায়ী। 

এবারের মেলার টাইটেল স্পনসর হিসেবে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। 

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 

মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। তবে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত থাকবে। 

-B

Share this post



Also on Bangladesh Monitor