ঢাকাঃ বোমা আতঙ্কে বাতিল হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি ৩৭৩) কাঠমান্ডুগামী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর রাত ৯টায় বিমানবন্দর ত্যাগ করে বলে জানিয়েছেন জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবির।
জানা যায়, শুক্রবার (১১ জুলাই) বিকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৭৩ কাঠমান্ডুর উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি শেষ করে। এ সময় অজ্ঞাত এক নম্বর থেকে এটিসি টাওয়ারে ফোন করা হয়। অজ্ঞাত ব্যক্তি জানান, ফ্লাইটে বোমা রয়েছে। এরপর টাওয়ার থেকে ফ্লাইটের পাইলটকে জানানো হলে তিনি দ্রুত থার্ড টার্মিনালের রানওয়েতে গিয়ে দাঁড়ান। পরে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ে জানানো হলে তারা সেখানে অবস্থান নেন।
এক পর্যায়ে ফ্লাইটে থাকা ২জন পাইলট, ১৪৩ জন যাত্রী ও ৫জন ক্রুর সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। শুরু হয় তল্লাশি।
তল্লাশিতে যোগ দেন এয়ারপোর্ট আর্মড পুলিশের বোম্ব ডিসপোজাল টিম, কে নাইন টিমসহ অন্যান্য সংস্থার সদস্য। প্রায় ৩ ঘণ্টা তল্লাশি করা হলেও বোমা কিংবা বোমা সদৃশ্য কোনো বস্তুর অস্তিত্ব মেলেনি।
তল্লাশি শেষ করে নিরাপদ ঘোষণার পর রাত ৯টার দিকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি।
-B