সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনায় সরাসরি ফ্লাইট চালু হয়েছে।বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২৩৭ ফ্লাইটটি ২৬৫ জন যাত্রী নিয়ে সিলেট ছাড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ বাদশাহ ফাহাদ।
তিনি বলেন, বিজি-২৩৭ ফ্লাইটটি ঢাকা থেকে ৯৪ জন যাত্রী নিয়ে সিলেট পৌঁছায় সন্ধ্যা ৬টার দিকে। পরে সিলেটের আরো ১৭১ জন যাত্রী নিয়ে সাড়ে ৬টায় মদিনার উদ্দেশে ছেড়ে যায়।
ওমরাহ পালনের সুবিধার্থে এখন থেকে বুধবার সিলেট থেকে মদিনায় ও বৃহস্পতিবার মদিনা থেকে সিলেটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
এ বিষয়ে ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, সিলেট থেকে জেদ্দায় আগেই সরাসরি ফ্লাইট চালু হয়েছে। প্রতি সোমবার সিলেট থেকে জেদ্দায় ফ্লাইট রয়েছে, যেটা মঙ্গলবার সরাসরি সিলেটে ফিরছে। আর বুধবার সিলেট থেকে মদিনায় সরাসরি ফ্লাইট যাবে ও বৃহস্পতিবার ফিরবে। এতে সিলেটের যারা ওমরাহ পালনে যাবেন তারা চাইলে এক সপ্তাহের মধ্যে ওমরাহ সম্পন্ন করে দেশে ফিরতে পারবেন।
এছাড়া আগামীকাল বৃহস্পতিবার থেকে জেদ্দা রুটে যুক্ত হচ্ছে আরেকটি ফ্লাইট। অর্থাৎ সপ্তাহে বিমানের দুটি ফ্লাইট সিলেট থেকে জেদ্দা এবং একটি ফ্লাইট মদিনায় যাবে।