ঢাকাঃ ইতালির রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ।
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটি রবিবার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়নের কথা ছিল। তবে ফ্ল্যাপে সমস্যা দেখা দেয়ায় উড্ডয়ন স্থগিত রেখে ফ্লাইটটি গ্রাউন্ডেড রাখা হয়েছে। এ নিয়ে গত ২৮ দিনে অষ্টমবারের মতো গোলযোগে পড়ল রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটির বহরে থাকা বোয়িং উড়োজাহাজ।
রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে বিমানের ফ্লাইটটি গ্রাউন্ডেড থাকায় বিড়ম্বনায় পড়েছেন ২৬২ যাত্রী। বিমানের প্রকৌশলীরা জানিয়েছেন, ফ্ল্যাপ হলো বিমানের ডানার পেছনের দিকে থাকা একধরনের যন্ত্র, যা বিমানের ওড়া এবং অবতরণের সময় লিফট ও ড্র্যাগ বাড়াতে বা কমাতে ব্যবহৃত হয়। এটি বিমানকে কম গতিতে উড়তে ও অবতরণে সহায়তা করে। টেক-অফ ও ল্যান্ডিংয়ের জন্যও এটি প্রয়োজনীয়।
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মডেলের উড়োজাহাজটি ঠিক করার জন্য লন্ডন থেকে একটি যন্ত্রাংশ নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর।
এ প্রসঙ্গে জানতে চাইলে সংবাদমাধমকে তিনি বলেন, ‘রোমে আটকে থাকা উড়োজাহাজটি ঠিক করার জন্য একটি যন্ত্রাংশ লাগবে। এ যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হয়েছে। এটি পাওয়ার পর ওখানকার প্রকৌশলীরা উড়োজাহাজটি ঠিক করার কাজ শুরু করবেন। সার্ভিসেবল হলেই আমরা উড্ডয়নের সময় নির্ধারণ করব।’
উড়োজাহাজে থাকা ২৬২ যাত্রীকে রোমে হোটেলে রাখা হয়েছে উল্লেখ করে এ বি এম রওশন কবীর বলেন, ‘এখন আমরা যদি আলাদা একটি বিমান রোমে পাঠিয়ে যাত্রীদের নিয়ে আসি, তাতে সময় অনেক বেশি লাগবে। এর চেয়ে রোমের ফ্লাইটটির ত্রুটি সারিয়ে যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানো যাবে। এজন্য আর আলাদা ফ্লাইট রোমে পাঠাচ্ছি না।’
সাম্প্রতিক সময়ে বিমানের বোয়িং উড়োজাহাজে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে। গত ৮ আগস্ট টয়লেটের ফ্ল্যাশ নষ্ট হয়ে যাওয়ার কারণে ঢাকা থেকে উড্ডয়নের পর ফিরে আসে বিমানের আবুধাবিগামী একটি ফ্লাইট। বোয়িং ৭৩৭-৮ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালনা করা হচ্ছিল। এর আগে ৬ আগস্ট ব্যাংককগামী বিমানের একটি ফ্লাইটের ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন ধরা পড়লে উড্ডয়নের ১ ঘণ্টা পর সেটি ঢাকায় ফিরে আসে।
গত জুলাইয়ে বিমানের বোয়িং উড়োজাহাজে অন্তত ৪টি যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটে। ১৬ জুলাই রাতে চাকায় ত্রুটি দেখা দেয়ায় বিমানের দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডেড করা হয়। ৩০ ঘণ্টা পর উড়োজাহাজ ঠিক করে দেশে আনা হয়। ২৪ জুলাই দুবাই থেকে চট্টগ্রামে এসে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানের আরেকটি বোয়িং ড্রিমলাইনার। উড্ডয়নের কিছু সময় পর ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়ায় পাইলট আবার চট্টগ্রামে ফিরে যান। ত্রুটি মেরামত শেষে ২ ঘণ্টা পর সেটি আবার ঢাকার উদ্দেশে যাত্রা করে। ২৮ জুলাই ওড়ার পর কেবিন প্রেশারে ত্রুটির সংকেত পেয়ে আবার ঢাকায় ফিরে আসে বিমানের দাম্মামগামী একটি বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ। পরে যাত্রীদের অন্য উড়োজাহাজে দাম্মাম পাঠানো হয়। ৩০ জুলাই সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৬ ঘণ্টা আটকে ছিল বিমানের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা পরে সেটি ঢাকায় ফেরানো হয়।
-B