ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি৩৩০১ ০৯ মে ২০২৪ তারিখ সকাল ০৭:০০টায় ৪১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে।
০৯ মে ভোর ০৫:৩০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ খসরু চৌধুরী, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, বেসামরিক বিমান চলাচল চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোঃ শাহাদাত হোসেন তসলিম, অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশের সভাপতি আবদুস সালাম আরেফ, মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন ও বিমানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিগণ হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে জেদ্দার উদ্দেশ্যে যাত্রার জন্য হজযাত্রীদেরকে বিদায় জানান।
এবছর ৮৫,২৫৭ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। বিমান ৫০ শতাংশ হিসেবে ৪২,৬২৯ জন হজযাত্রী পরিবহন করবে। তবে, সার্বিকভাবে ৪৬,৮৭৬ জনকে পরিবহনের প্রস্তুতি রয়েছে।
প্রি-হজে বিমান ১১৬টি ফ্লাইট পরিচালনা করবে এবং পোস্ট হজে ১২৫ টি ফ্লাইট পরিচালিত হবে। হজযাত্রীদের সুবিধার্থে ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও হজযাত্রী পরিবহন করবে বিমান।
বিমানের প্রি-হজের সময়সূচি ৯ মে থেকে ১০ জুন ২০২৪ পর্যন্ত এবং পোস্ট হজের সময়সূচি ২০ জুন থেকে ২১ জুলাই ২০২৪ পর্যন্ত। বিমানের নিজস্ব উড়োজাহাজ দ্বারা হজ ফ্লাইট পরিচালিত হচ্ছে।
T