চট্টগ্রাম : ২৮৭ জন যাত্রী নিয়ে উড্ডয়নের পর আকাশে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানের একটি ফ্লাইট। পরিস্থিতি মোকাবিলায় ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়।
বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লাইটে থাকা সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-১৪৮) সকাল সোয়া ৭টায় চট্টগ্রামে অবতরণ করে।
চট্টগ্রাম থেকে ২৮৭ জন যাত্রীসহ ফ্লাইটটি সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। আকাশে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ার পর পাইলট ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটিকে আবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনেন।
ইব্রাহীম খলিল বলেন, ‘যান্ত্রিক ত্রুটি থাকলেও ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে পেরেছে। যাত্রীরা সবাই নিরাপদ আছেন। বিমানবন্দরের কার্যক্রমও স্বাভাবিক আছে।’
ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বিমানের প্রকৌশল বিভাগ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
-B