ঢাকাঃ ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কারিগরি ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরে এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
সোমবার (২৮ জুলাই) বিকাল ৩টা ৩৩ মিনিটে ছেড়ে যাওয়া বিজি-৩৪৯ ফ্লাইটটি প্রায় ১ ঘণ্টা আকাশে ওড়ার পর বিকাল ৪টা ৩৩ মিনিটে নিরাপদে ঢাকায় ফিরে আসে।
পরবর্তীতে বিকল্প একটি উড়োজাহাজে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা পর নতুন এয়ারক্র্যাফটে যাত্রীরা দাম্মামের উদ্দেশে রওনা হন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ দিয়ে, যার ধারণক্ষমতা প্রায় সাড়ে চারশত যাত্রী। ফ্লাইটে যাত্রী সংখ্যাও ছিল প্রায় পূর্ণ। উড্ডয়নের কিছু সময় পর পাইলট যান্ত্রিক ত্রুটি শনাক্ত করলে নিরাপত্তার স্বার্থে বিমানটি নিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক জানান, উড়োজাহাজটির কেবিন প্রেসারের একটি বিপদ সংকেত পান বৈমানিক। এ পরিস্থিতিতে কোনও ধরনের ঝুঁকি না নিয়ে বৈমানিক উড়োজাহাজটি ঢাকার ফেরত আনেন।
তিনি বলেন, যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে এরই মধ্যে দাম্মামের উদ্দেশে পাঠানো হয়েছে। আর ফেরত আসা উড়োজাহাজটিও বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ দেখেছে। সব ঠিক থাকায় উড়োজাহাজটি দিয়ে রাতে অন্য ফ্লাইট চালানো হবে।
-B