জুলাই থেকে ফের ম্যানচেস্টার যাবে বিমান

-মনিটর রিপোর্ট Date: 15 April, 2026
জুলাই থেকে ফের ম্যানচেস্টার যাবে বিমান

ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত থাকা ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই রুটে শুরু হচ্ছে ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম জানান, যাত্রীদের চাহিদা এবং প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় নিয়ে আসন্ন হজ কার্যক্রম সমাপ্তির পর আগামী ১ জুলাই থেকে ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট পুনরায় পরিচালনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি শনিবার ও মঙ্গলবার চলাচল করবে এবং ফ্লাইট ২টি ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টার গমন করবে।

উল্লেখ্য, যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সীমিত বহরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এবছরের ১ মার্চ থেকে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। 

সরকারের দিকনির্দেশনা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার মাধ্যমে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটটি পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছে, যা যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়সহ সংশ্লিষ্ট যাত্রীদের ভ্রমণকে আরও সহজতর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

যাত্রীদের টিকেট বুকিং ও ফ্লাইট সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য তাদের নিকটস্থ বিমান সেলস সেন্টার, ট্রাভেল এজেন্সি বা বিমানের ওয়েবসাইটে লগইন করতে বলেছে বিমান।

-B

Share this post



Also on Bangladesh Monitor