ঢাকাঃ বাংলাদেশ থেকে এই বছরের প্রথম হজ ফ্লাইট (বিজি-৩৫০১) ৪১৪ জন হজযাত্রী নিয়ে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেছে।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ।
বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের আরও স্বাগত জানান সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশের রাষ্ট্রদূত আগত হজযাত্রীদের শুভকামনা জানান ও যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যূলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ থেকে আগত হজযাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে সোমবার (২৮ এপ্রিল) রাত ৩টায় বিজি-৩৫০১ ফ্লাইটযোগে পবিত্র ভূমির পথে ৪১৪ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে।
বিমানের জনসংযোগ কর্মকর্তা বুশরা ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, পবিত্র হজকে সামনে রেখে সম্মানিত হজযাত্রীদের পদধ্বনিতে মুখরিত হতে শুরু করেছে আশকোনা হজ ক্যাম্প।
হজযাত্রীরা যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে হজে যেতে পারেন এবং পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে মাতৃভূমিতে ফিরে আসতে পারেন, সে উদ্দেশ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এ উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় আশকোনা হজ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিমানসূত্র জানায়, এ বছর পবিত্র হজ পালনের জন্য মোট ৮৭ হাজার ১০০ জন যাত্রী বাংলাদেশ ত্যাগ করবেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫ হাজার ২০০ যাত্রী এবং বেসরকারি এজেন্টের মাধ্যেমে যাবেন ৮১ হাজার ৯০০ জন। মোট হজযাত্রীদের পঞ্চাশ শতাংশ (৪৩,৫৫০ জন) পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
২৯ এপ্রিল থেকে ৩১শে মে ২০২৫ পর্যন্ত যাত্রীগণ হজের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ১০ জুন থেকে ১০ই জুলাইয়ে হাজীগণ দেশে ফেরত আসবেন।
বাংলাদেশ থেকে মোট ১১৮টি ফ্লাইট হজের উদ্দেশ্যে গমন করবে। এর মধ্যে জেদ্দার উদ্দেশ্যে ৯৪টি এবং মদিনার উদ্দেশ্যে ২৪টি। সরকারিভাবে ১৩টি এবং বেসরকারিভাবে মোট ১০৫টি ফ্লাইট পরিচালিত হবে।
এসব ফ্লাইটের মধ্যে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ৭৬টি, চট্টগ্রাম থেকে জেদ্দার উদ্দেশ্যে ১৪টি এবং সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে ৪টিসহ মোট ৯৪টি ফ্লাইট। ঢাকা থেকে মদিনার উদ্দেশ্যে ২০টি, চট্টগ্রাম থেকে মদিনার উদ্দেশ্যে ৩টি এবং সিলেট থেকে মদিনার উদ্দেশ্যে ১টিসহ মোট ২৪টি ফ্লাইট পরিচালিত হবে।
সরকারি ১৩টি ফ্লাইটের ৮টি মদিনার উদ্দেশ্যে এবং ৫টি জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। হাজীগণ মোট ১০৮টি ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরে আসবেন। যেখানে জেদ্দা থেকে ৭৪টি, মদিনা থেকে ৩৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে সরকারি ১৩টি, বেসরকারি ৯৫টি ফ্লাইট।
জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ৫৯টি, জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ১২টি এবং জেদ্দা থেকে সিলেটের উদ্দেশ্যে ৩টি মোট ৭৪টি ফ্লাইট; মদিনা থেকে ঢাকা ২৭টি, মদিনা থেকে চট্টগ্রাম ৫টি, মদিনা থেকে সিলেট ২টিসহ মোট ৩৪টি ফ্লাইট পরিচালিত হবে। এখানে সরকারি ফ্লাইট থাকবে ১৩টি।
সৌদি থেকে ফেরত যাত্রীর জন্য বরাদ্দ আসন সংখ্যা ৪৫,৫৮৮টি যেখানে ঢাকায় ৩৬,১৫৮টি, চট্টগ্রামে ৭,১০৪টি, সিলেটে ২,৩২৬টি। সম্মানিত যাত্রীরা ফ্রন্টের সিট খালি থাকা সাপেক্ষে, এক পথের জন্য ১৫০ ইউএস ডলার এবং উভয় পথের জন্য ২৫০ ইউএস ডলারের বিনিময়ে ফ্রন্ট সিটে ভ্রমণ করতে পারবেন।
-B