ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ পেয়েছেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাইজার সোহেল আহমেদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
ডিএমডি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ মঈন উদ্দিন আহমেদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
দুইজনকেই যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়।
এমডি হিসেবে নিয়োগ পাওয়া কাইজার সোহেল আহমেদ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা আর ডিএমডি পদে আসা সৈয়দ মইন উদ্দিন বিমানের সাবেক কর্মকর্তা।
এদিকে, গত কয়েকবছর ধরে বিমানে ডিএমডি পদটি ফাঁকা ছিল। নতুন নিয়োগ পাওয়া সৈয়দ মইন উদ্দিন আহমেদ এক সময়ে বিমানের কর্মকর্তা ছিলেন। তিনি ২০০৭ সালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) হিসেবে স্বেচ্ছা অবসর নেন। তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছিলেন।
-B