ভার্জিনিয়া, ইউএসএ: নতুন প্রস্তাব নিয়ে আলোচনায় যাচ্ছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং ও ধর্মঘটরত কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন।
ধারণা করা হচ্ছে, বড় অংকের বেতন বৃদ্ধি ও বোনাসের আশ্বাসের মাধ্যমে এক মাসের বেশি সময় ধরে চলমান কর্মসূচির অবসান ঘটবে। এর মাধ্যমে বোয়িংয়ের ক্রমবর্ধমান লোকসানের ধাক্কা খানিকটা কমতে পারে।
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্ট অ্যান্ড অ্যারোস্পেস ওয়ার্কার্স (আইএএম) জানিয়েছে, আগামীকাল বুধবার (২৩ অক্টোবর)নতুন প্রস্তাবের ওপর ভোট দিতে পারেন ইউনিয়ন সদস্যরা।
নতুন এ প্রস্তাবে চার বছরে ৩৫ শতাংশ বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দেবে বোয়িং। এর আগে কর্মীদের ৪০ শতাংশ বেতন বাড়ানো দাবি ও বোয়িংয়ের ৩০ শতাংশ প্রস্তাবের মাঝে আটকে যায় সমঝোতা। এছাড়া কর্মীপ্রতি বোনাস ৬ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার ডলার প্রস্তাব করা হয়েছে।
নতুন প্রস্তাবটি পুরনো পেনশন পরিকল্পনাকে বহাল করবে না, যদিও ধর্মঘটে যাওয়া প্রায় ৩৩ হাজার কর্মীর অন্যতম দাবি ছিল এটি। অবশ্য ৪০১ (কে) অবসর পরিকল্পনায় বোয়িংয়ের অবদানের পরিমাণ বাড়িয়ে দেবে এ প্রস্তাব। এছাড়া উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি বাদ দিতে চাওয়া পারফরম্যান্স বোনাস কমপক্ষে ৪ শতাংশ বজায় থাকবে।
এক বিবৃতিতে ইউনিয়নের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জন হোল্ডেন ও ব্র্যান্ডন ব্রায়ান্ট জানান, ধর্মঘটে থাকা কর্মীদের পক্ষে অপেক্ষাকৃত উন্নত একটি প্রস্তাব পেশ করেছে বোয়িং। এখন কর্মীদের আলোচনার প্রস্তাবে ভোট দেয়ার অপেক্ষায় রয়েছে ইউনিয়ন।
নতুন প্রস্তাবটি ইউনিয়নের কর্মকর্তারা পুরোপুরি সমর্থন করলেও সদস্যদের উদ্দেশে তারা বলেন, ‘আপনারা বিবেচনা করতে পারেন।’ আরো জানান, নতুন প্রস্তাবে সম্মিলিত হিসাবে কর্মীদের বার্ষিক বেতন বাড়বে ৩৯ দশমিক ৮ শতাংশ।
ওয়াশিংটন রাজ্য, ওরেগন ও ক্যালিফোর্নিয়ায় কর্মীদের চলমান ধর্মঘটে ৭৩৭-এর পাশাপাশি ৭৩৭ ম্যাক্স, ৭৬৭ ও ৭৭৭ মডেলের বোয়িং উৎপাদন বন্ধ রয়েছে।
-B