রোমানিয়াগামী শ্রমিকদের বোয়েসেলের সতর্কবার্তা

মনিটর রিপোর্ট Date: 20 September, 2023
রোমানিয়াগামী শ্রমিকদের বোয়েসেলের সতর্কবার্তা

ঢাকা : পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশী শ্রমিকদের জন্য সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব এসএম কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা দেয়া হয়।

বার্তায় বলা হয়, রোমানিয়ায় পোশাককর্মী পাঠানোর লক্ষ্যে রোমানিয়ায় সোনোমা স্পোর্টসওয়্যার এসআরএল, বাংলাদেশের ইউরোপীয় ফ্যাশন লিমিটেড ও বোয়েসেলের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির মেয়াদ গত ৪ সেপ্টেম্বর শেষ হয়ে গেছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় রোমানিয়ার ওই কোম্পানিতে বোয়েসেলের মাধ্যমে শ্রমিক পাঠানো হবে না। এই অবস্থায় বোয়েসেলের নাম ব্যবহার করে রোমানিয়ায় শ্রমিক প্রেরণের ক্ষেত্রে কোনো কোম্পানি/এজেন্সি/ব্যক্তির সাথে কোনো ধরনের টাকা লেনদেন না করার জন্য এর সাথে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক নূর আহমেদ সাংবাদিকদের জানান, বোয়েসেলের নাম ব্যবহার করে কিছু প্রতিষ্ঠান বিদেশগামীদের প্রতারিত করার চেষ্টা করছে বলে আমাদের কাছে খবর আসছে। এদের ফাঁদে পড়ে যেন কেউ প্রতারিত না হন, সেজন্য আমরা সতর্কবার্তা দিয়েছি।

আরও পড়ুন: নভেম্বরে চালু হচ্ছে জাতীয় ডেবিট কার্ড 

এদিকে রোমানিয়াগামীদের অনলাইনে ইন্টারভিউ এবং ট্রেনিং করানোর ফাঁদে ফেলে রিক্রুটিং এবং ট্রেনিং সেন্টার নামধারী প্রতিষ্ঠানগুলো নানা কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গ্রামের অসহায় এসব মানুষগুলোকে তারা জিম্মি করে ভুয়া স্লিপ দেখিয়ে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা করে অগ্রীম আদায় করছে। পরবর্তীতে বিদেশ যেতে না পারা এসব যুবক ওই সব ভুয়া প্রতিষ্ঠানে গেলে তাদের খোঁজ মিলছে না। এমনকি যে নামে স্লিপে ইস্যু করা হয়েছে সেই স্লিপে থাকা টেলিফোন নম্বরগুলোও আর কেউ ধরছেন না। পরে প্রতারিতরা ধর্না দিচ্ছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোসহ নানা দফতরে।

অভিবাসন ব্যবসার সাথে জড়িতরা বলছেন, এখন এসব ভয়ানক প্রতারকদের দ্রুত চিহ্নিত করে দ্রুত কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। নতুবা বিদেশ যাওয়ার আগেই দেশে অসংখ্য মানুষ এই চক্রের খপ্পরে পড়ে প্রতারিত হয়ে নিঃস্ব হয়ে পড়বেন। তাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করার বিকল্প নেই বলে বায়রার একাধিক নেতা মনে করছেন। তবে তারা দাবি করছেন, এসব চক্রের সাথে বায়রা সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই। হতে পারে তাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণার জাল তৈরি করছে প্রতারক চক্রটি। আমরাও চাই চক্রের সদস্যরা দ্রুত আইনের আওতায় আসুক।

-B

Share this post



Also on Bangladesh Monitor