লাখ ডলারে বিদেশীদের গোল্ডেন পাসপোর্ট দেবে বতসোয়ানা

-মনিটর অনলাইন Date: 05 January, 2026
লাখ ডলারে বিদেশীদের গোল্ডেন পাসপোর্ট দেবে বতসোয়ানা

ঢাকাঃ হীরা বিক্রি বাবদ আয় পতনের কারণে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় কোষাগার শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে বতসোয়ানা।

লাখ ডলার বিনিয়োগের বিনিময়ে বিদেশীদের ‘গোল্ডেন পাসপোর্ট’ দেবে আফ্রিকার দেশটি। 

প্রস্তাবিত প্রকল্পের অধীনে নাগরিকত্বের বিনিময়ে প্রায় ১ লাখ ডলার এককালীন বিনিয়োগ করতে হবে বিদেশীদের। এ উদ্যোগ নগদের বিনিময়ে পাসপোর্ট দেয়া দেশের তালিকায় বতসোয়ানাকে যোগ করতে যাচ্ছে। এ তালিকায় রয়েছে সেন্ট লুসিয়া, মাল্টা ও গ্রেনাডা।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ লাখ ডলার মূল্যের ‘গোল্ড কার্ড’ ঘোষণা করেন। কড়াকড়ি অভিবাসননীতি কার্যকর থাকা দেশটিতে বিদেশীদের স্থায়ী বসবাসের সুযোগ দেবে এ উদ্যোগ।

এ বিষয়ে আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান আর্তন ক্যাপিটালের প্রধান নির্বাহী আর্মান্ড আর্তন বলেন, ‘বতসোয়ানার রাজনৈতিক স্থিতিশীলতা, সুযোগ ও আইনের শাসনের কারণে গোল্ডেন পাসপোর্ট প্রকল্পে আকৃষ্ট হচ্ছেন সম্ভাব্য আবেদনকারীরা।’

একসময় বিশ্বের অন্যতম দরিদ্রতম দেশ ছিল বতসোয়ানা। পরবর্তী সময়ে হীরা উত্তোলন দেশটিকে আফ্রিকার অন্যতম ধনী দেশে পরিণত করেছে। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হীরা কোম্পানি ডে বিয়ার্সের প্রধান খনি। এ মূল্যবান রত্নের রফতানির ওপর নির্ভর করে বতসোয়ানার মোট জিডিপির প্রায় এক-তৃতীয়াংশ। প্রায় পুরো বৈদেশিক রফতানি আয়ের উৎসও হীরা শিল্প।

প্রাকৃতিক হীরার বাজার পতনের ফলে সাম্প্রতিক বছরগুলোয় বিকল্প আয়ের উৎস খুঁজছে বতসোয়ানা সরকার। আয়ের এ পতন ২০২৫ সালে দেশটির অর্থনীতিকে প্রায় ১ শতাংশ সংকোচনের দিকে ঠেলে দেবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

প্রতিবেদন অনুসারে, প্রস্তাবিত গোল্ডেন পাসপোর্ট আইন শিগগিরই বতসোয়ানার পার্লামেন্টে অনুমোদনের জন্য তোলা হবে।

এ পর্যন্ত বতসোয়ানার গোল্ডেন পাসপোর্ট বিষয়ে হাজার খানেক আবেদনকারীর তথ্য নিবন্ধন করেছে আর্তন ক্যাপিটাল। আবেদনের দিক থেকে শীর্ষ তিন দেশ হলো যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে ও ভারত। আর্মান্ড আর্তন বলেন, ‘এ গোল্ডেন ভিসার লক্ষ্য হলো পাঁচ হাজার পরিবারের আবেদন আকর্ষণ করা। যার মাধ্যমে পাঁচ বছরে আয় হবে ৫০ কোটি ডলার।’

তিনি আরো উল্লেখ করেন, জি৭ দেশের আবেদনকারীদের আগ্রহ ছিল চমকপ্রদ। কারণ মূলত চীন ও আরব দেশগুলো থেকে আগ্রহ আশা করেছিলেন আর্মান্ড আর্তন।

তবে এ পাসপোর্ট উল্লেখযোগ্য পরিমাণ আবেদনকারীকে আকর্ষণ করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে শিল্প বিশেষজ্ঞদের একটি অংশের।

বতসোয়ানার রাজধানী গাবোরোনভিত্তিক অভিবাসনবিষয়ক পরামর্শদাতা কলিন্স বোগাতসুর মতে, গোল্ডেন পাসপোর্টের উদ্যোগটি জনপ্রিয় হবে না। প্রক্রিয়াটি কীভাবে কাজ করবে তা এখনো বিস্তারিত জানায়নি সরকার। এছাড়া ধারণা করা হচ্ছে, নাগরিকত্ব দেয়ার বিষয়টি পুরোপুরি বতসোয়ানার রাজনৈতিক পক্ষগুলোর ওপর নির্ভর করবে।

এছাড়া অভিবাসনের সঙ্গে যুক্ত এক পেশাদারের মতে, যারা নগদ অর্থের বিনিময়ে পাসপোর্ট দেয় সেসব দেশের তালিকায় একদম নিচের সারিতে থাকবে বতসোয়ানা। 

আর্তনের নিজস্ব পাসপোর্ট ইনডেস্ক অনুযায়ী, বতসোয়ানার পাসপোর্ট ৫১টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পায়, যার বেশির ভাগ দক্ষিণ আফ্রিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে সীমাবদ্ধ।

-B

Share this post



Also on Bangladesh Monitor