আবুধাবি ডায়ালগ : অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান

-মনিটর রিপোর্ট Date: 02 February, 2026
আবুধাবি ডায়ালগ : অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান

ঢাকাঃ শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং নিরাপদ ও নৈতিক নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। 

রবিবার (১ ফেব্রুয়ারি)সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ‘আবুধাবি ডায়ালগ (এডিডি)–২০২৬’-এর দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

আবুধাবি ডায়ালগকে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনের একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ। প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে নিজ দেশের উন্নয়নের পাশাপাশি গন্তব্য দেশগুলোর অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, কিছু কর্মী এখনো শোষণ ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। এটি প্রেরণকারী ও গ্রহণকারী—উভয় দেশের যৌথ দায়িত্বের মাধ্যমে সমাধান করা সম্ভব।

এ সময় তিনি সরকারের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শতভাগ ডিজিটাল ওভারসিজ এমপ্লয়মেন্ট পোর্টাল চালু, বিদেশযাত্রার আগে সহায়তা ও কল্যাণসেবা জোরদার, দক্ষতা প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং প্রতারণামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ।

আসিফ নজরুল অভিবাসীদের নৈতিক নিয়োগ, মর্যাদাপূর্ণ কাজ ও মানবিক মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট দেশগুলোর যৌথ প্রতিশ্রুতির ওপর জোর দেন।

ডায়ালগের ফাঁকে আসিফ নজরুল সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রী আবদুর রহমান আবদুল মান্নান আল আওয়ারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে তিনি দণ্ডপ্রাপ্ত ২১২ বাংলাদেশি প্রবাসীকে সাধারণ ক্ষমা করায় আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।

উপদেষ্টা বাংলাদেশিদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করার বিষয়ে আমিরাতের মন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভিসা সীমিতকরণ নীতির কারণে বাংলাদেশ থেকে শ্রমিক প্রবাহ কমেছে। 

আমিরাতে অবস্থানরত বাংলাদেশিরাও নানা ভিসা জটিলতায় ভুগছেন। তিনি ফ্যামিলি ভিসা, নাবিক ভিসা, ট্রান্সফার ভিসাসহ সব ধরনের জটিলতা নিরসনে আমিরাতের মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

এর আগে গত ৩১ জানুয়ারি উপদেষ্টা পাকিস্তানের ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হোসাইন ও ফিলিপাইনের অভিবাসী শ্রমিক বিভাগের সচিব হ্যান্স লিও ক্যাকডাকের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে শ্রম অভিবাসন ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল ফেস্টিভ্যাল সিটিতে আবুধাবি ডায়ালগের অষ্টম মন্ত্রী পর্যায়ের সভা শুরু হয়। এতে ১৭টি সদস্যদেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এবারই প্রথম ওআইসি লেবার সেন্টারের প্রতিনিধিরা এ সংলাপে যুক্ত হয়েছেন।

-B

Share this post



Also on Bangladesh Monitor