চট্টগ্রাম : মহান স্বাধীনতার মাসকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ১৯ দিনব্যাপী বইমেলা।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টায় নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ মেলার উদ্বোধন হবে, যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।
মেলায় থাকছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজন। এর মধ্যে রয়েছে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লেখক সমাবেশ, শিশু ও যুব উৎসব, মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান, কবিতা ও ছড়া উৎসব, আলোচনা সভা, লোকজ ও নৃগোষ্ঠী সংস্কৃতি বিষয়ক আয়োজনসহ নানা অনুষ্ঠান।
প্রতিদিনের আলোচনা সভায় দেশের বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষাবিদরা অংশ নেবেন।
নিরাপত্তার স্বার্থে পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভি নেটওয়ার্কের আওতায় থাকবে এবং পুলিশের পাশাপাশি বেসরকারি নিরাপত্তা সংস্থাও দায়িত্ব পালন করবে। দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য পর্যাপ্ত খোলা জায়গা রাখা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন গণমাধ্যমকর্মীদের প্রতি মেলার প্রচার-প্রসারে সহযোগিতা কামনা করে সব শ্রেণি-পেশার মানুষকে পরিবার-পরিজনসহ মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, প্রতিবছর ফেব্রুয়ারি মাসে দেশের দ্বিতীয় বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হতো নগরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রমজান মাস থাকায় এ বছর ফেব্রুয়ারিতে ‘অমর একুশে বইমেলা’ নামে পরিচিত এ বইমেলা আয়োজন করেনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। তবে প্রকাশকদের আগ্রহ ও পাঠক–লেখকের চাহিদা সামনে রেখে চসিকের ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার থেকে কাজীর দেউড়ির চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে শুরু হচ্ছে ‘স্বাধীনতা বইমেলা’।
১৯ দিনব্যাপী এ বইমেলায় চট্টগ্রাম ও ঢাকার ৯৬টি প্রকাশনা সংস্থার ১৩১টি স্টল থাকবে। এর মধ্যে চট্টগ্রামের ৫০ প্রকাশনা সংস্থার ৭২টি এবং ঢাকার ৪৬ প্রকাশনা সংস্থার স্টল থাকবে ৫৯টি। মেলার আয়তন ৪০ হাজার বর্গফুট।
বইমেলার আয়োজক চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তবে চট্টগ্রামের সৃজনশীল প্রকাশক পরিষদ, নাগরিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী এবং অন্যান্য শিল্প–সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরাই সম্মিলিতভাবে এ মেলা বাস্তবায়ন করবেন। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা ও ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।
২০১৯ সাল থেকে সম্মিলিত উদ্যোগে নগরে এ বইমেলা হয়ে আসছে। সর্বশেষ ২০২৫ সালে বইমেলায় চট্টগ্রাম ও ঢাকার ১০৭ প্রকাশনা সংস্থার ১৪০টি স্টল ছিল। ওই হিসেবে এবার মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থা এবং স্টল সংখ্যা কমেছে।
-B