চাঙ্গি আবারও বিশ্বসেরা বিমানবন্দর নির্বাচিত

- মনিটর ডেস্ক রিপোর্ট Date: 17 April, 2025
চাঙ্গি আবারও বিশ্বসেরা বিমানবন্দর নির্বাচিত

ঢাকাঃ লন্ডন-ভিত্তিক উড়োজাহাজ পরিবহন পরামর্শদাতা স্কাইট্র্যাক্সের ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসে চাঙ্গি বিমানবন্দর ২০২৫ সালে বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে মনোনীত হয়েছে। ২০২৪ সালে এই তালিকায় শীর্ষে ছিলো কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।

এ নিয়ে চাঙ্গি ১৩তমবারের মতো প্রথম স্থাপন অর্জন করেছে। যা ২০০০ সালে শুরু হওয়া পুরষ্কারের ইতিহাসে একটি রেকর্ড।

৯ এপ্রিল স্পেনের মাদ্রিদে আয়োজিত অনুষ্ঠানে চাঙ্গি বিমানবন্দর ৬ কোটি থেকে ৭ কোটি যাত্রীকে সেবা প্রদানকারী সেরা বিমানবন্দর, সেরা বিমানবন্দর ডাইনিং অভিজ্ঞতা এবং বিশ্বের সেরা বিমানবন্দর ওয়াশরুমের খেতাবও পেয়েছে।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর দ্বিতীয় স্থানে রয়েছে, তারপরে জাপানের টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর (হানেদা), এরপর চতুর্থ স্থানে আছে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে পঞ্চম স্থানে।

এদিকে, ক্রাউন প্লাজা চাঙ্গি বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দর হোটেল এবং এশিয়ার সেরা বিমানবন্দর হোটেল পুরষ্কার জিতেছে। এনিয়ে টানা দশম বছরের মতো চাঙ্গি বিমানবন্দর টার্মিনাল-৩ এর হোটেলটি এই পুরষ্কার জিতেছে।

স্কাইট্র্যাক্স পরিচালিত একটি বিশ্ব জরিপের উপর ভিত্তি করে এই পুরষ্কারগুলি দেওয়া হয়। আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ১০০টিরও বেশি দেশের ১৩ মিলিয়নেরও বেশি বিমানবন্দর ব্যবহারকারী জরিপে সাড়া দিয়েছেন।

ভ্রমণকারীদের বিভিন্ন পয়েন্টে তাদের অভিজ্ঞতা অনুসারে বিমানবন্দরের রেটিং করতে বলা হয়েছিল। যেমন চেক-ইন, আগমন, স্থানান্তর, কেনাকাটা, নিরাপত্তা এবং অভিবাসন থেকে শুরু করে গেটে প্রস্থান পর্যন্ত।

স্কাইট্র্যাক্সের প্রধান নির্বাহী এডওয়ার্ড প্লেস্টেড এটিকে "মহান অর্জন" বলে অভিহিত করেছেন। চাঙ্গি বিমানবন্দর ১৩ বার রেকর্ড ভঙ্গ করে বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে মনোনীত হয়েছে।

- B

Share this post



Also on Bangladesh Monitor