ঢাকাঃ অন্যান্য বছরের তুলনায় এবার সড়ক, রেল, ও নৌ পথের পাশাপাশি আকাশপথে ঈদযাত্রা তুলনামূলক বেশি ও স্বস্তিদায়ক হচ্ছে বলে জানা গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও অভ্যন্তরীণ রুটে ঈদ উদযাপনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
শনিবার (২৯ মার্চ) ও আজ রবিবার (৩০ মার্চ)সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে গিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার মানুষজনের ভিড় লক্ষ্য করা গেছে।
দেশের বৃহত্তম এই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোর, রাজশাহী, সৈয়দপুর, সিলেট, কক্সবাজার এবং চট্টগ্রাম রুটে আকাশপথে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট চলাচল করে। সেগুলোরও সব টিকিট বিক্রি হয়ে গেছে। অর্থাৎ এ সময়ের ফ্লাইটগুলোতেও যাত্রী ভর্তি দেখা যাবে।
বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ঈদে আমাদের বিভিন্ন রুটে চারটি ফ্লাইট বাড়ানো হয়েছে, তারপরও সব টিকিট শেষ। যাত্রী সাধারণের কথা চিন্তা করেই আমরা ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছি।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, যাত্রীদের কোনও সমস্যা না হয় সেজন্য আমরা সতর্ক রয়েছি। এভসেক ও এয়ার ফোর্সের সদস্যরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন। আশা করছি, কোনও সমস্যা হবে না।
-B