বেবিচকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদযাপিত

-মনিটর রিপোর্ট Date: 15 October, 2025
বেবিচকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদযাপিত

ঢাকাঃ বিশ্বজুড়ে অক্টোবর মাসব্যাপী ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)'র ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেবিচক সদরদপ্তরে এক সেমিনার আয়োজন করে।

বেবিচকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করা এবং অনলাইন বিশ্বে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষিত রাখার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

অনুষ্ঠানে বেবিচকের সদস্য, পরিচালক, উপপরিচালক, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

বেবিচক চেয়ারম্যান বলেন, বর্তমান বিশ্বে সাইবার ঝুঁকি দ্রুত বাড়ছে, যা উড়োজাহাজ চলাচল খাতের জন্য বড় চ্যালেঞ্জ। প্রতিটি সদস্যের উচিত সচেতন থেকে মৌলিক সুরক্ষা বিধি মেনে চলা, কারণ ছোট অবহেলাও বড় সাইবার হুমকি সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, উড়োজাহাজ চলাচল একটি বৈশ্বিক কার্যক্রম, যেখানে একটি দেশের সাইবার আক্রমণ অন্য দেশেও প্রভাব ফেলতে পারে। সাইবার নিরাপত্তা এখন কেবল আইটি বিশেষজ্ঞদের নয়, বরং সবার দায়িত্ব।

সেমিনারে টেকনিক্যাল বিষয় উপস্থাপনা করেন বেবিচকের আইটি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান।

অনুষ্ঠানে ব্যানার প্রদর্শন, লিফলেট বিতরণ, ‘নিরাপদ অনলাইন জীবন’ শীর্ষক উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

-B

Share this post



Also on Bangladesh Monitor