ঘন কুয়াশায় ঢাকায় ফ্লাইট বিপর্যয় 

-মনিটর রিপোর্ট Date: 04 January, 2026
ঘন কুয়াশায় ঢাকায় ফ্লাইট বিপর্যয় 

ঢাকাঃ ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৬টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ৮টি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয়।   

অবতরণে ব্যর্থ হওয়া ৮টি ফ্লাইটের মধ্যে ৬টিকে পাঠানো হয় সিলেটে। এছাড়া একটি ফ্লাইট ভারতের কলকাতায় এবং অন্য একটি ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে।  

বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৬টার পর থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করে। দৃশ্যমানতা এতটাই কমে যায় যে নিরাপত্তাজনিত কারণে কোনো উড়োজাহাজ ঢাকা থেকে উড্ডয়ন করতে পারেনি এবং কোনো ফ্লাইট অবতরণও সম্ভব হয়নি।  নির্ধারিত সময়ে ঢাকায় নামতে না পেরে আকাশে চক্কর দিতে থাকে একাধিক ফ্লাইট।

এদিকে, আবহাওয়ার কারণে আকস্মিক এই সূচি বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। দীর্ঘ সময় বিমানবন্দরে ও আকাশে অপেক্ষার পর বিকল্প গন্তব্যে অবতরণ করায় চরম বিড়ম্বনার শিকার হতে হয় তাদের।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দৃষ্টিসীমা ৮০০ থেকে ১০০০ মিটারের নিচে নেমে এলে রানওয়েতে নিরাপদ অবতরণ অসম্ভব হয়ে পড়ে। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ‘বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়নি। তবে সকাল ৬টার পর থেকে দৃশ্যমানতা না থাকায় উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখতে হয়। 

পরবর্তীতে ৯টা ৫২ মিনিটে কুয়াশা কেটে গিয়ে দৃশ্যমানতা বৃদ্ধি পেলে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয় এবং ফ্লাইটগুলো একে একে রানওয়েতে নামতে শুরু করে।

-B

Share this post



Also on Bangladesh Monitor