নীলফামারী: নতুন বছরের শুরুতে শীত জেঁকে বসেছে নীলফামারীসহ উত্তরের জনপদে। রাতে কুয়াশা পড়ছে আর ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশায় ঢাকা পড়েছে সব।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকালের ফ্লাইটগুলো ৫/৬ ঘণ্টা দেরিতে সৈয়দপুর বিমানবন্দরে ওঠানামা করছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। উড়োজাহাজ চলাচলের জন্য ২০০০ হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) প্রয়োজন হলেও রয়েছে মাত্র ২০০ মিটার। ফলে দুপুরের আগে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া জানান, ঘন কুয়াশায় সৈয়দপুরের আকাশে ভিজিবিলিটি অপর্যাপ্ত থাকায় এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের অবতরণ পিছিয়ে দেওয়া হয়েছে। দুপুরের পর আবহাওয়ার উন্নতি হলে সব ফ্লাইটের ওঠানামা স্বাভাবিক হবে। তবে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ওয়াসিমুল বারী জয় জানান, গত কয়েকদিনে তীব্র শীত ও কুয়াশা থাকায় শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। বেশির ভাগ রোগী সর্দি, কাশি, জ্বরসহ শীতজনিত রোগ নিয়ে হাসপাতালে আসছেন।
-B