ঢাকা বিমানবন্দরে করোনার পরীক্ষামূলক টেস্ট শুরু
২২ সেপ্টেম্বর যাত্রা শুরুর ছয় ঘণ্টা আগে এখানে পরীক্ষা করিয়ে সংযুক্ত আরব আমিরাতে যায় ৪৬ জন যাত্রী
২২ সেপ্টেম্বর যাত্রা শুরুর ছয় ঘণ্টা আগে এখানে পরীক্ষা করিয়ে সংযুক্ত আরব আমিরাতে যায় ৪৬ জন যাত্রী
ঢাকাঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে করোনার টেস্ট শুরু হয়। বিমানবন্দরের টার্মিনালের দোতলায় স্বাস্থ্য বিভাগের সামনে অস্থায়ীভাবে স্থাপিত একটি পরীক্ষাগারে এ পরীক্ষা করা হয়। একইদিনে ৪৬ জন যাত্রী তাদের যাত্রা শুরুর ছয় ঘণ্টা আগে এখানে পরীক্ষা করিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ–উল আহসান ২২ সেপ্টেম্বর এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিমানবন্দরে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসায় এই যাত্রীদের বোর্ডিং করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এমিরেটসের একটি ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ছেড়ে যায়। পরীক্ষামূলকভাবে ৪৬ জন যাত্রীকে বুধবার করোনা পরীক্ষা করে আমিরাতে পাঠানো হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর আমিরাত কর্তৃপক্ষ আবার আরটি-পিসিআর পরীক্ষাগারের মাধ্যমে এই যাত্রীদের করোনা পরীক্ষা করবে।
২২ সেপ্টেম্বর ঢাকা বিমানবন্দরে ৪৬ জন যাত্রীর নমুনা সংগ্রহের পর পার্কিং জোনের মোবাইল পরীক্ষাগারে এসব নমুনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় ৪৬ জনেরই নেগেটিভ ফল আসে।
শাহরিয়ার সাজ্জাদ বলেন, সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর আবার এই যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে। তখনো ফল একই হলে তাঁরা দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।
তবে সেখানে ওই ৪৬ জন যাত্রীর মধ্যে কারও করোনা শনাক্ত হলে তাঁদের আইসোলেশন, কোয়ারেন্টিনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।
১৫ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর পরীক্ষাগার বসাতে সাত বেসরকারি প্রতিষ্ঠানকে নির্বাচন করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জমা দেয়। এসব এসওপি যাচাই করতে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়। তবে এর জবাব সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এখনো দেয়নি।
গত আগস্টে সংযুক্ত আরব আমিরাত সে দেশে যেতে যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষার শর্ত আরোপ করে। অথচ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষা করার ব্যবস্থা ছিল না। এতে দীর্ঘদিন ধরে কর্মস্থলে যেতে পারছিলেন না প্রবাসীরা। কারও কারও ভিসার মেয়াদও শেষ হয়ে যায়।
৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা শনাক্তে পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেয় প্রধানমন্ত্রী। সে নির্দেশের ১৬ দিন পর ২২ সেপ্টেম্বর বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে করোনার পরীক্ষা করিয়ে যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।