ঢাকাঃ ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ টি ফ্লাইট অবতরণ করতে না পেরে নিকটবর্তী বিমানবন্দরে অবতরণ করেছে। শনিবার (২১ ডিসেম্বর) মধ্যরাত থেকে রবিবার (২২ ডিসেম্বর) ভোরের ফ্লাইটগুলোর অন্যান্য গন্তব্যে চলে যায়।
রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে রবিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা একটি ফ্লাইট চট্টগ্রামে, দুটি ফ্লাইট ভারতের কলকাতায় এবং আরেকটি ফ্লাইট হায়দ্রাবাদে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কলকাতায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ওমান থেকে আগত সালাম এয়ারের একটি, কুয়েত থেকে আগত জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট। এছাড়াও, রিয়াদ থেকে আগত সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি হায়দ্রাবাদ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আগত ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, "কুয়াশার কারণে ফ্লাইটগুলো সকালের অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। পরবর্তীতে ফ্লাইটগুলো যাত্রীসহ ঢাকায় এসে অবতরণ করেছে।"
-B