ঢাকা-করাচি ফ্লাইট ২৯ জানুয়ারি

-মনিটর রিপোর্ট Date: 07 January, 2026
ঢাকা-করাচি ফ্লাইট ২৯ জানুয়ারি

ঢাকাঃ দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট আবারও শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

সংস্থাটির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সূত্রটি জানায়, প্রাথমিকভাবে ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে সপ্তাহে ২দিন এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এ সময়ের পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা যায়, প্রাথমিকভাবে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত বিমানকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। সিএএর মহাপরিচালক এ-সংক্রান্ত অনুমোদন দিয়েছেন। ফলে নির্ধারিত রুটে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে বাংলাদেশ বিমান।

সিএএ সূত্র জানায়, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে বিমানকে নির্ধারিত রুট কঠোরভাবে মেনে চলতে হবে। এছাড়া ঢাকা থেকে উড্ডয়নের আগেই ফ্লাইটের বিস্তারিত তথ্য করাচি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করতে হবে। 

এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান জানিয়েছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইটের প্রস্তুতি নিচ্ছে। সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের যোগাযোগ আরও সহজ হবে।

বিমান জানায়, এই রুট পুনরায় চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। সবকিছু  ঠিক থাকলে আগামী ২৯ জানুয়ারি প্রথমবারের মতো ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হবে।

বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রমণকারী যাত্রীদের বেশির ভাগকেই দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইটে যাতায়াত করতে হয়। 

উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৭৪ সালে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিলে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ১৯৭৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট সম্প্রসারণের অংশ হিসেবে করাচি, আবুধাবি ও মুম্বাইয়ে ফ্লাইট চালু করে। 

এর আগে পাকিস্তান আমলে ১৯৫৪ সালের ৭ জুন পিআইএ প্রথমবারের মতো ‘সুপার কনস্টেলেশন’ উড়োজাহাজ দিয়ে ঢাকা ও করাচির মধ্যে বিরতিহীন ফ্লাইট চালু করেছিল।

-B

Share this post



Also on Bangladesh Monitor