ঢাকা-কুয়েত রুটে সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে 

-মনিটর রিপোর্ট Date: 14 August, 2025
ঢাকা-কুয়েত রুটে সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে 

ঢাকাঃ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় তেল সমৃদ্ধ অন্যতম ধনী দেশ কুয়েত। দেশেটির পর্যটন খাত সৌন্দর্য্যবর্ধন ও অবকাঠামো উন্নয়নের শ্রমিক চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশেসহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিচ্ছে দেশটি। অন্যান্যা দেশে শ্রমিকরা ভিসা পাওয়ার পর ১/২ মাসের মধ্যে কুয়েতে প্রবেশ করলেও ভিন্ন চিত্র বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রে।

বাংলাদেশি শ্রমিকরা ভিসা পাওয়ার পরে দেশে মেডিকেল সেন্টারে হয়রানি ও ম্যানপাওয়ার চক্করে পড়ে ভিসার মেয়াদের শেষ মুহূর্তে দেওয়া হচ্ছে পাসপোর্ট ও জরুরি কাগজপত্র। 

নিয়মিত প্রবাসীর পাশাপাশি নতুন ভিসায় বিদেশগামী যাত্রীদের কারণে ঢাকা–কুয়েত রুটে দেখা দিয়েছে ফ্লাইট সংকট। ফলে ৩০ থেকে ৪০ হাজার টাকার সিঙ্গেল টিকিটের দাম ৩ গুণ বেড়ে পৌঁছেছে দেড় লাখ টাকায়।

নতুন ভিসার ৩ মাস মেয়াদ থাকা স্বত্ত্বেও এজেন্সিগুলো ভিসা মেয়াদ শেষ হওয়ার ১ সপ্তাহের মধ্যে যাত্রী পাসপোর্টসহ জরুরি কাগজপত্র ডেলিভারি দিয়ে থাকে। দেশে এবং কুয়েত টিকিট এজেন্সিগুলোতে বাংলাদেশ বিমান, কুয়েত এয়ারলাইন্স, জাজিরা সরাসরি ফ্লাইটের টিকিট খুঁজে না পেয়ে অনেকেই বাধ্য হয়ে ৩ গুণ দাম দিয়ে টিকিট নিচ্ছেন।

আবার সিট সংকটের কারণের নতুন ভিসায় কুয়েতগামী অনেক প্রবাসী রয়েছেন ভিসা বাতিল হয়ে যাওয়ার শঙ্কায়। নতুন যাত্রীদের চাপের কারণে এই রুটে নিয়মিত যাত্রীরা বিশেষ জরুরি প্রয়োজনে টিকিট আগানো ও পেছানোর ক্ষেত্রে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

নতুন ভিসায় বিদেশগামী যাত্রীদের স্বজনরা জানান, দেশে বেকারত্বের চাপ কমাতে বিদেশগামীদের মেডিকেল হয়রানি বন্ধ করা জরুরি। ভিসা প্রসেসিং দ্রুত করাসহ টিকিট সিন্ডিকেট বন্ধ করতে হবে। রিজার্ভ বৃদ্ধিতে প্রবাসী রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঢাকা - কুয়েত রুটে ভাড়া কমাতে দ্রুত উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা। 

কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার এ.কে.এম ফরহাদের কাছে নতুন ভিসায় কুয়েতগামীদের ভিসার মেয়াদ উত্তীর্ণ ও টিকিটে সংকট সম্পর্কে জানতে চাইলে তিনি সংবাদমাধমকে বলেন, ‘যাত্রীদের চাহিদা বিবেচনায় আমরা অনেক সময় বড় ফ্লাইট পরিচালনা করে থাকি। ঢাকা–কুয়েত রুটে যাত্রীদের বাড়তি চাপ থাকলে ট্রাভেল এজেন্সিগুলো যদি বিমানের সেলস ডিপার্টমেন্টে আবেদন বা চাহিদাপত্র দেয় তাহলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার বিষয়ে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ অবশ্যই সেটা বিবেচনা করে দেখবে।'

-B

Share this post



Also on Bangladesh Monitor