বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় স্থানে ঢাকা

মনিটর রিপোর্ট Date: 17 September, 2024
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় স্থানে ঢাকা

ঢাকা: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার স্কোর ১৪১। পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি যথাক্রমে ১৯৪ ও ১৫১ একিউআই স্কোর নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

সাধারণত, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে ‘মাঝারি’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। বর্তমানে ঢাকার বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর'। 

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) অনুসারে, বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

-B

Share this post



Also on Bangladesh Monitor