বৃহস্পতিবার থেকে ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট শুরু

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 26 October, 2021
বৃহস্পতিবার থেকে ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট শুরু

দেড় বছর বন্ধ থাকার পর আগামী পরশু বৃহস্পতিবার থেকে ঢাকা-সিঙ্গাপুর রুটে  ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সপ্তাহে পাঁচ দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে তারা।
সিঙ্গাপুর এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার এ রুটে ফ্লাইট চালাবে তারা। রবি, সোম ও শুক্রবারের ফ্লাইটগুলো ঢাকা থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে। পরদিন ভোরে স্থানীয় সময় ৪টা ৫০ মিনিটে সিঙ্গাপুর পৌঁছবে। এছাড়া মঙ্গল ও বৃহস্পতিবারের ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা ছাড়বে এবং বিকেল ৫টা ২৫ মিনিটে সিঙ্গাপুর পৌঁছবে।
ফ্লাইটটি পরিচালনায় তারা এয়ারবাস এ৩৫০-৯০০ এয়ারক্রাফট ব্যবহার করবে। এ রুটে সর্বনিম্ন রিটার্ন ভাড়া ধরা হয়েছে ৩৮ হাজার ৪৫৮ টাকা।
করোনাভাইরাসের কারণে বাংলাদেশিদের জন্য এতদিন সীমান্ত বন্ধ রেখেছিল সিঙ্গাপুর। ২৬ অক্টোবর থেকে সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি। তবে বাংলাদেশিদের সিঙ্গাপুরে প্রবেশের আগে টিকার পূর্ণ ডোজ নিতে হবে। পাশাপাশি ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে করোনাভাইরাস শনাক্তের আরটি-পিসিআর টেস্ট করে নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। এছাড়া দেশটিতে পৌঁছানোর পর সরকারি স্থাপনায় ১০ দিনের হোম কোয়ারেন্টাইন পালন করতে হবে।
 

Share this post



Also on Bangladesh Monitor