ঢাকাঃ নিরাপত্তা ও সুরক্ষাজনিত কারণে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সারা দেশে ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে।
সোমবার বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাওসার মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং সারা দেশে প্রযোজ্য থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গবেষণা, জরিপ, কৃষিকাজ, তদারকি কার্যক্রম এবং সরকারি অনুষ্ঠান কাভারেজের মতো বিশেষ প্রয়োজনে ড্রোন উড়ানোর অনুমতি দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে সরকারি বা বেসরকারি ব্যক্তি/প্রতিষ্ঠানকে আগেভাগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট সব সংস্থার অনুমোদন নিয়েই ড্রোন পরিচালনা করা যাবে।
নিষেধাজ্ঞা অমান্য করে ড্রোন পরিচালনা করলে তা বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭-এর ২৪ ধারার আওতায় দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে বেবিচক।