ঢাকা: বৈশ্বিক সংঘাত, ভূরাজনৈতিক অস্থিরতা এবং বিমানপথে বিঘ্নের কারণে আন্তর্জাতিক ভ্রমণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, পর্যটন সংশ্লিষ্টরা এখন আঞ্চলিক সংযোগকে প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করছেন।
সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৬-এ অংশগ্রহণকারীরা এই বিষয়টি গভীরভাবে তুলে ধরেছেন।
তিনদিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন প্রদর্শনীটি ৯-১১ এপ্রিল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রায় ৮০টি বুথে বিভিন্ন উড়োজাহাজ সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলি তাদের সেবা প্রদর্শন করে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে প্রায় ১৫ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে, যার মাধ্যমে আনুমানিক ১০০ কোটি টাকার ব্যবসায়িক লেনদেন সম্পন্ন হয়।
অংশগ্রহণকারীরা জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে—উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ও ভ্রমণে বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে—আঞ্চলিক পর্যটন করিডোরগুলোর গুরুত্ব আরও বেড়েছে; বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়।
মালয়েশিয়া ক্রমবর্ধমান বাংলাদেশী বাজারকে তুলে ধরেছে
ঢাকা ট্রাভেল মার্ট পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ শাহদা ওথমান ইনবাউন্ড ট্যুরিজমে শক্তিশালী পুনরুদ্ধার এবং বাংলাদেশি পর্যটকদের মধ্যে বাড়তি আগ্রহের বিষয়টি তুলে ধরেন।
তিনি বাংলাদেশে পর্যটন প্রচারের ক্ষেত্রে মালয়েশিয়ার অব্যাহত মনোযোগের কথা উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
ঢাকা ট্রাভেল মার্টে অংশগ্রহণকারী মালয়েশিয়ান পর্যটন কর্মকর্তারা এবং অংশীদাররা একই মতামত প্রকাশ করে বলেন, আঞ্চলিক ভ্রমণের গুরুত্ব এবং বাংলাদেশের আউটবাউন্ড ট্যুরিজমের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।
থাইল্যান্ডে চিকিৎসা পর্যটন বাড়ছে
ঢাকা ট্রাভেল মার্টে অংশ নিয়ে বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি দ্বিপক্ষীয় ভ্রমণে চিকিৎসা পর্যটনের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।
তিনি জানান, বর্তমানে বাংলাদেশ থেকে থাইল্যান্ডগামী ভিসা আবেদনের উল্লেখযোগ্য অংশই স্বাস্থ্যসেবা ভ্রমণ সংশ্লিষ্ট, যা থাইল্যান্ডের চিকিৎসা ব্যবস্থার প্রতি বাংলাদেশিদের দৃঢ় আস্থার প্রতিফলন। প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি রোগী চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যাচ্ছেন—ফলে চিকিৎসা পর্যটন আঞ্চলিক যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উঠে এসেছে।
থাইল্যান্ডের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো—যার মধ্যে ব্যাংককের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোও রয়েছে—ট্রাভেল ফেয়ারের বিভিন্ন আয়োজনে তাদের সেবাসমূহ তুলে ধরে। বিশেষ করে বাংলাদেশি রোগীদের জন্য কাস্টমাইজড চিকিৎসা প্যাকেজ, উন্নত প্রবেশগম্যতা এবং নিবেদিত সহায়ক সেবা সম্পর্কে তারা আলোকপাত করে।
আঞ্চলিক ভ্রমণ: টেকসই চালিকাশক্তি হিসেবে গুরুত্ব পাচ্ছে
ঢাকা ট্রাভেল মার্টে অংশ নেওয়া সংশ্লিষ্টরা এবং পর্যটন খাতের বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও আঞ্চলিক পর্যটন প্রবাহের দৃঢ়তা অটুট রয়েছে। কম ভ্রমণ দূরত্ব, তুলনামূলক সাশ্রয়ী ব্যয় এবং এশিয়ার দেশগুলোর মধ্যে গভীর সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক—এসব কারণেই এ প্রবণতা বজায় আছে।
মেলায় অংশ নেওয়া এয়ারলাইন্স ও ট্রাভেল কোম্পানিগুলোর প্রতিনিধিরা দর্শনার্থীদের জন্য দেশীয় ও আন্তর্জাতিক রুটে আকর্ষণীয় ছাড় এবং মধ্যবিত্ত পর্যটকদের লক্ষ্য করে বিশেষ হলিডে প্যাকেজ ঘোষণা করেন।
এছাড়া, অংশগ্রহণকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান জানায়, সাশ্রয়ী স্বল্প-দূরত্বের (শর্ট-হল) গন্তব্য এবং চিকিৎসা ভ্রমণ প্যাকেজের প্রতি দর্শনার্থীদের আগ্রহ ধারাবাহিকভাবে বাড়ছে।
সংশ্লিষ্টদের মতে, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, উদীয়মান বাজারে আয় বৃদ্ধি এবং বৈশ্বিক ভ্রমণ প্রবণতার পরিবর্তনের ফলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া আগামী বছরগুলোতে পর্যটনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হবে।
-B