দুবাইয়ের আবাসন সূচকে ৩০ শতাংশ পতন

-মনিটর অনলাইন Date: 16 March, 2026
দুবাইয়ের আবাসন সূচকে ৩০ শতাংশ পতন

 

ঢাকাঃ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে চরম অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এর সরাসরি প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আবাসন খাতে। গত এক মাসেরও কম সময়ে দুবাইয়ের আবাসন খাতের শেয়ারসূচকে প্রায় ৩০ শতাংশ ধস নেমেছে। খবর আনাদোলু।

ইরানজুড়ে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর থেকেই এ অস্থিরতার সূত্রপাত। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েল ও জর্ডানের পাশাপাশি যেসব উপসাগরীয় দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, ইরান সেসব দেশকেও লক্ষ্যবস্তু করেছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বাজার বিশ্লেষণে দেখা যায়, দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট রিয়েল এস্টেট ইনডেক্স (ডিএফএমআরইআই) গত ২৮ ফেব্রুয়ারি ছিল ১৬ হাজার ১৪০ পয়েন্টে। কিন্তু যুদ্ধের প্রভাবে ক্রমাগত কমে গত শুক্রবার লেনদেন শেষে তা ১১ হাজার ৫০০ পয়েন্টে নেমে এসেছে। এটি ২০২৫ সালের এপ্রিলের পর সূচকের সর্বনিম্ন অবস্থান।

সংঘাতের জেরে আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও সতর্ক অবস্থান নিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ও আর্থিক প্রতিষ্ঠান সিটিব্যাংক এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের শাখাগুলো সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধের তীব্রতা আরো বাড়লে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত দুবাইয়ের অর্থনীতি আরো বড় সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার পর্যবেক্ষকরা।

-B

Share this post



Also on Bangladesh Monitor