কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর চেষ্টা চলছে

-মনিটর রিপোর্ট Date: 15 April, 2026
কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর চেষ্টা চলছে

ঢাকাঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার পর কক্সবাজার বিমানবন্দরে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস সময় লাগবে।

আজ বুধবার (১৫ এপ্রিল)জাতীয় সংসদে কক্সবাজার-৪ আসনের সরকারি দলের সদস্য শাহজাহান চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করার লক্ষ্যে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) কাছ থেকে সনদ অর্জন করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক নিয়ম, বিধি-বিধান এবং পরিচালনাগত উপযোগিতা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, পূর্ণ সক্ষমতায় প্রশস্ত দেহের (ওয়াইড-বডি) বিমান নিরাপদে অবতরণ ও উড্ডয়নের জন্য কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সমুদ্রের দিকে ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে। এর ফলে বিমানবন্দরের সামগ্রিক কার্যক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সুবিধার্থে ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের একটি নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। প্রয়োজনীয় সব অপারেশনাল সুবিধাসহ টার্মিনালটি বর্তমানে পরীক্ষামূলক কার্যক্রম ও কমিশনিং পর্যায়ে রয়েছে।

মন্ত্রী বলেন, এসব প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগবে এবং এরপর বিমানবন্দরটি পূর্ণাঙ্গভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য চালু করা যাবে।

-B

Share this post



Also on Bangladesh Monitor