মাঝ–আকাশে যান্ত্রিক ত্রুটি -২২ ঘণ্টা পর চট্টগ্রাম ছাড়ল আমিরাতগামী উড়োজাহাজ

মনিটর রিপোর্ট Date: 29 January, 2024
মাঝ–আকাশে যান্ত্রিক ত্রুটি -২২ ঘণ্টা পর চট্টগ্রাম ছাড়ল আমিরাতগামী উড়োজাহাজ

চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাগামী এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজে শনিবার  (২৭ জানুয়ারি) সন্ধ্যায় মাঝ–আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ পরিস্থিতিতে উড়োজাহাজের পাইলট যাত্রী নিয়ে নিরাপদে চট্টগ্রামে ফিরে আসেন। যান্ত্রিক ত্রুটি সারিয়ে প্রায় ২২ ঘণ্টা পর রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে আবারও শারজার উদ্দেশে উড়াল দিয়েছে উড়োজাহাজটি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড়োজাহাজে ১৪৯ যাত্রী ছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উড্ডয়নের এক ঘণ্টার বেশি সময় পর কলকাতার দিকে পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে সেখান থেকে পুনরায় রাত ৯টা ৩৭ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে উড়োজাহাজটি । রাতে যাত্রীদের নগরের বিভিন্ন হোটেলে রাখা হয়। এর মধ্যে উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি সারানো হয়।

জানতে চাইলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, যান্ত্রিক ত্রুটি সারিয়ে রবিবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে উড়োজাহাজটি শারজার উদ্দেশে রওনা হয়। এ সময় উড়োজাহাজটিতে যাত্রী ছিল ১০২ জন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড়োজাহাজের বাকি যাত্রীদের কয়েকজনকে অন্য ফ্লাইটে নেওয়া হয়েছে। কেউ কেউ যাত্রা বাতিল করেছেন। উড়োজাহাজটিতে বেশির ভাগ যাত্রী ছিলেন আমিরাতপ্রবাসী।

-B

Share this post



Also on Bangladesh Monitor