দুবাই: চলতি বছরের প্রথমার্ধ শেষে আয়ে নতুন রেকর্ড করেছে দি এমিরেটস গ্রুপ। এ সময় কোম্পানিটি ১ হাজার ১০ কোটি দিরহাম বা ২৭০ কোটি ডলার আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩৮ শতাংশ বেশি।
আন্তর্জাতিক পর্যায়ে অঞ্চলটিতে পর্যটকদের আগমনের পাশাপাশি পরিচালন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসা এ প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হয়েছে। গ্রুপটির আয় ২০ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৩০ কোটি দিরহাম বা ১ হাজার ৮৩০ কোটি ডলারে উন্নীত হয়েছে। এমিরেটস এয়ারলাইনস ও গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে আমরা ভালো আয় করেছি, যা ২০২২-২৩ অর্থবছরের পুরো আয়ের সমান।’
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আলোকসজ্জায় প্রথম বিমান বাংলাদেশ
তিনি আরো বলেন, ‘এটি একটি অসাধারণ কৃতিত্ব, যা সংস্থার মধ্যে থাকা প্রতিভা, আমাদের প্রতিশ্রুতি, ব্যবসায়িক মডেলের শক্তি এবং দুবাইয়ের দৃষ্টিভঙ্গি ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যা দেশটির এভিয়েশন খাতকে স্থিতিশীল করে গড়ে তুলেছে।’
বছরের দ্বিতীয়ার্ধের বিষয়ে তিনি বলেন, ‘এ সময়ে আমাদের ব্যবসায়িক কার্যক্রমের বিভিন্ন অংশে গ্রাহকদের চাহিদা ভালো থাকবে। পাশাপাশি বাজারে আমাদের কৌশলগুলো প্রয়োগের ক্ষেত্রে সচেতন থাকব। এছাড়া জ্বালানি তেলের মূল্য, মূল্যস্ফীতির প্রভাব ও ভূরাজনৈতিক বিষয়েও নজর রাখা হবে।’
বছরের প্রথমার্ধে রেকর্ড আয়ের অন্যতম একটি সূচক পর্যটকদের ভ্রমণ বেড়ে যাওয়া। ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এমিরেটস ২ কোটি ৬১ লাখ যাত্রী আনা-নেয়া করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩১ শতাংশ বেশি। এমিরেটসের আয় ৪০০ কোটি থেকে নতুন রেকর্ড ৯৪০ কোটি দিরহামে উন্নীত হয়েছে।
-B