ঢাকাঃ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধান নিয়ে সুখবর দিয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তায় তিনি বলেন, ১৫ ডিসেম্বর (রবিবার)থেকে প্রবাসীরা মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাসপোর্ট পাওয়া শুরু করবেন।
প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে, আমরা জানি। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন, তিন থেকে চার সপ্তাহের মধ্যে এমআরপি পাসপোর্ট পাবেন।’
সৌদি ও মালয়েশিয়া প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘প্রথম প্রয়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়াতে। এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এতো পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই-তিন বছরে এই সমস্যা আর হবে না।’
পাসপোর্টের জন্য প্রবাসীদের ভোগান্তির ঘটনায় দুঃখপ্রকাশ করে আসিফ নজরুল বলেন, ‘এই সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন তিনি পাসপোর্ট ছাপানোর কাজটা তার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করতে গিয়ে, টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়। আপনাদের অনেক কষ্ট হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পাবেন।’
-B