রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু

-মনিটর রিপোর্ট Date: 12 April, 2026
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু

ঢাকাঃ  জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগে শিক্ষাখাতে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রবিবার (১২ এপ্রিল) রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এ ক্লাস শুরু করা হয়েছে।

রবিবার সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে শুরু হয় অনলাইন ক্লাস। শিক্ষকরা কলেজের নিজ নিজ ক্লাসরুমে এসেই ভার্চুয়ালি ক্লাস করান শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে অংশ নেন এই ভার্চুয়াল ক্লাসে।

শিক্ষকরা জানান, বৈসাবির ছুটি থাকায় পরীক্ষামূলকভাবে কলেজ শাখায় ক্লাস শুরু হলেও পর্যায়ক্রমে স্কুলেও এই কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও সপ্তাহে ৩দিন রবি, মঙ্গলও  বৃহস্পতিবার অনলাইন এবং শনি সোম বুধ অফলাইন ক্লাস নেয়া হবে বলে জানানো হয়েছে।

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের মহনগরের স্কুল-কলেজে অনলাইন ক্লাস নেয়ার পরিকল্পনা নেয় শিক্ষা মন্ত্রণালয়। 

এ বিষয়ে মতামত নিতে অংশীজনদের সঙ্গে গত ৮ এপ্রিল বৈঠক অনুষ্ঠিত হয়। পরদিন ৯ এপ্রিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, রাজধানীর কয়েকটি স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় এনে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করা হয়েছে। 

তিনি আরও জানান, শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রবিবার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। ৩ দিন অনলাইনে ও ৩ দিন অফলাইনে হবে। শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই অনলাইনে ক্লাস শুরু করবেন।

-B

Share this post



Also on Bangladesh Monitor