ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক করলো বিমান

মনিটর রিপোর্ট  Date: 07 June, 2024
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক করলো বিমান

ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ব্যবহার করে ফেসবুক পেইজ ও গ্রুপ খুলে এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। ফলে বিষয়টি সম্পর্কে সবাইকে সতর্ক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লোগো এবং নাম ব্যবহার করছে প্রতারক চক্র। এ ধরনের ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি কর্তৃপক্ষের নজরে এসেছে। এসবের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনসংযোগ বিষয়টি জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া নিয়োগে ‘পাসপোর্ট চেকার’ পদ উল্লেখ করা হয়েছে। পাসপোর্ট চেকার নামে কোনো পদ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নেই। প্রতারক চক্রটি ১২৫০ টাকায় বিমান-এ চাকরি দেয়ার কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রকাশ করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি বিমান-এর অফিশিয়াল ওয়েবসাইট (www.biman.gov.bd) এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে সংস্থাটি।

এতে আরও বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম এবং লোগো কপিরাইট ও ট্রেডমার্ক নিবন্ধনকৃত, তাই অনুমতি ব্যতীত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম এবং লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

বিমান বাংলাদেশ আরও জানায়, নাম ও লোগো ব্যবহার করা এসব ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপের বিরুদ্ধে কর্তৃপক্ষ প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

-B

Share this post



Also on Bangladesh Monitor