ঢাকাঃ যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ১৫০ জনেরও বেশি যাত্রীকে রানওয়েতে নামিয়ে নেওয়া হয়েছিল। কারণ বিমানের পেছনের অংশে ধোঁয়া ও আগুনও দেখা যায়।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, শনিবার (২৬ জুলাই) উড়োজাহাজটি রানওয়ে থেকে উড্ডয়নের সময়ই হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর পরই পেছনের অংশে আগুন ধরে যায়। মার্কিন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
আমেরিকান এয়ারলাইন্স ও ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের মতে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজটি মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ১৭৩ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে উড্ডয়নের প্রস্তুতিতে ছিল।
তখন যাত্রীরা একটি উচ্চ শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন এবং আগুন দেখতে পান। এরপর উড়োজাহাজের সঙ্গে সংযুক্ত একটি স্লাইডের মাধ্যমে তাদের সরিয়ে নেওয়া হয়।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বিস্ফোরিত টায়ার এবং ব্রেক করার সময় উড়োজাহাজের ধীরগতির ফলে ব্রেকে আগুন লেগে যায়। পরে ডেনভার ফায়ার সার্ভিস নিভিয়ে ফেলে।
এরপরপরই বিমানবন্দরের জরুরি পরিষেবা ও ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে পৌঁছায় এবং যাত্রীদের রানওয়েতে নামিয়ে আনা হয়।
উড়োজাহাজে থাকা ১৭৩ যাত্রী ও ৬ জন ক্রু সদস্য সবাই নিরাপদে বের হয়ে আসেন। তবে একজন ব্যক্তি সামান্য আহত হন।
এই সরিয়ে নেওয়ার ঘটনাটি ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ভীতিকর উড়োজাহাজ চলাচল ঘটনার সর্বশেষ উদাহরণ। এটি বিশ্বের ৬ষ্ঠ ব্যস্ততম বিমানবন্দর।
মার্চ মাসে আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ইঞ্জিনে আগুন লাগার পর ডজনখানেক যাত্রীকে উড়োজাহাজের ডানায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এরপর এপ্রিল মাসে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ টেক-অফের সময় একটি প্রাণীর সঙ্গে ধাক্কা লাগে।
এ ঘটনার পর শনিবার সন্ধ্যা পর্যন্ত ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
এয়ারলাইন্সটি জানিয়েছে, যাত্রীরা বিকল্প একটি উড়োজাহাজে করে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করবেন। ঘটনার তদন্ত চলছে।
-B