কলম্বো থেকে ঢাকায় এলো ফিটসএয়ারয়ের প্রথম ফ্লাইট

মনিটর রিপোর্ট Date: 17 April, 2024
কলম্বো থেকে ঢাকায় এলো ফিটসএয়ারয়ের প্রথম ফ্লাইট

ঢাকা: শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ার কলম্বো থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট চালু করেছে।

এ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট প্রায় ৩ ঘণ্টা উড়ে মঙ্গলবার রাত ১টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ঢাকা থেকে ফিরতি ফ্লাইট ছাড়বে রাত ২টায়।

২০২৩ সালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে ফ্লাইট পরিচালনার আবেদন করেছিল ফিটসএয়ার। অনুমতি পেয়ে মঙ্গলবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করেছে এ বিমান পরিষেবা কোম্পানি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিটসএয়ার জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা থেকে সপ্তাহে দুই দিন (বুধবার ও রোববার) ফ্লাইট কলম্বো যাবে। কলম্বো থেকে ঢাকায় আসার ফ্লাইট মঙ্গলবার ও শনিবার। ঢাকা থেকে কলম্বোর পাশাপাশি বাংলাদেশি যাত্রীদের শ্রীলঙ্কার বিভিন্ন অভ্যন্তরীণ বিমানবন্দরে পৌঁছে দেওয়া হবে।

রিটার্ন টিকেটে এই রুটের সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে প্রায় ৩৮ হাজার টাকা। যাত্রীরা ৩০ কেজি চেক-ইন লাগেজ এবং ৭ কেজি হ্যান্ড লাগেজ সুবিধা পাবেন। এয়ারবাসের এ-৩২০ এয়ারক্রাফট দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করছে ফিটসএয়ার। এই রুটের দূরত্ব ২ হাজার ১৫৯ কিলোমিটার।

ফিটস এয়ারের নির্বাহী পরিচালক আম্মার কাশিম বলেন, “বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এই দেশের ব্যবসায়িক ভ্রমণকারী এবং পর্যটকদের জন্য প্রতিযোগিতামূলক ভাড়ায় ফ্লাইটের ব্যবস্থা করেছে ফিটস এয়ার। আমরা আশা করছি এই ফ্লাইট ঢাকা ও কলম্বোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।”

বর্তমানে শুধু শ্রীলঙ্কান এয়ারলাইন্স ঢাকা-কলম্বো রুটে ফ্লাইট পরিচালনা করছে। তবে বাংলাদেশিরা ভারত ও মালদ্বীপে ট্রানজিট নিয়ে অন্যান্য এয়ারলাইন্সেও শ্রীলঙ্কা যেতে পারেন।  

ফিটস এয়ার প্রতিষ্ঠানটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে কলম্বো থেকে ঢাকার পাশাপাশি দুবাই, মালে, চেন্নাই রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে এ কোম্পানি। পাশাপাশি এয়ারলাইন্সটি থাইল্যান্ডের ব্যাংকক, ইন্দোনেশিয়ার জাকার্তা, সৌদি আরবের জেদ্দা, মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং সিঙ্গাপুরে ফ্লাইট চালুর চেষ্টা করছে।

এয়ারলাইন্সটির বহরে বর্তমানে তিনটি এয়ারবাস এ৩২০-২০০, একটি এটিআর ৭২-২০০, একটি সেসনা-২০৮বি গ্র্যান্ড ক্যারাভান, দুইটি সেসনা-১৫২ এবং একটি সেসনা-১৫০ এয়ারক্রাফট রয়েছে।
-B

Share this post



Also on Bangladesh Monitor