দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

মনিটর রিপোর্ট Date: 22 June, 2024
দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

ঢাকাঃ পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। শুক্রবার (২১ জুন) ভোর সাড়ে ৫টায় ফ্লাইটটি  শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়।

এ সময় বিমানবন্দরে হাজীদের ফুল দিয়ে স্বাগত জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাহিদুল ইসলাম ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস  মার্শাল এম মফিদুর রহমান। সুস্থ ও শান্তিপূর্ণভাবে হজ সম্পন্ন করে দেশে ফিরতে পারায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। 

এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত সাংবাদিকদের জানান, সকল হজ যাত্রী সুষ্ঠুভাবে দেশে  ফিরতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসেন হাজিরা। ফিরতি হজ ফ্লাইটের প্রথম দিনে আরো ১০টি বিমানে করে দেশে ফিরবেন প্রায় ৪ হাজার যাত্রী।

এবার ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত হজ পালনে সৌদি আরব যান ৮৫ হাজার ২২৫ জন হজযাত্রী। এসব হাজির ফিরতি ফ্লাইট পরিচালিত হবে আগামী ২২ জুলাই পর্যন্ত।

গত শুক্রবার (১৪ জুন) মিনায় রাত যাপনের মধ্য দিয়ে চলতি বছরের হজ শুরু হয়। বুধবার জামারাতে পাথর নিক্ষেপ করার শেষ দিন ছিল। এদিন পর্যায়ক্রমে ছোট, মধ্যম এবং বড় জামারাতে পাথর নিক্ষেপ করার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়। 

-B

Share this post



Also on Bangladesh Monitor