বিমানের সাবেক পাঁচ কর্মকর্তা কারাগারে

-মনিটর রিপোর্ট Date: 25 November, 2024
বিমানের সাবেক পাঁচ কর্মকর্তা কারাগারে

ঢাকাঃ পুরনো ও ত্রুটিপূর্ণ মিসরীয় বিমান ভাড়ায় এনে পরিচালনার মাধ্যমে সরকারের ১ হাজার ১৬৪ কোটি টাকা ক্ষতির ঘটনায় দুদকের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক পাঁচ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রবিবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানান। 

কারাগারে যাওয়া আসামিরা হলেন বিমানের সাবেক প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার শহীদ উদ্দিন মোহাম্মদ হানিফ, ইঞ্জিনিয়ার অফিসার (অব.) মো. জাহিদ হোসেন, সাবেক উপপ্রধান প্রকৌশলী মো. শাহজাহান, প্রিন্সিপাল সিস্টেম ইঞ্জিনিয়ার (স্ট্রাকচার) শরীফ রুহুল কুদ্দুস ও সাবেক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মো. শফিকুল আলম সিদ্দিক। 

এদিন তাঁরা আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এরপর তাঁদের উপস্থিতিতে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক আনোয়ারুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং এজাহারভুক্ত ২৩ জনের মধ্যে ১৪ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor