ঢাকাঃ কূটনৈতিক টানাপোড়েনের জেরে আলজেরিয়া ও মালির মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। আলজেরীয় সেনাবাহিনী সীমান্ত এলাকায় মালির একটি সশস্ত্র নজরদারি ড্রোন গুলি করে ভূপাতিত করার পর এ উত্তেজনার সূত্রপাত হয়।
আলজেরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাহারা অঞ্চলের তিনজাওয়াতেনের কাছাকাছি সীমান্ত এলাকায় তাদের আকাশসীমা লঙ্ঘন করে একটি ড্রোন, যা আলজেরীয় সেনাবাহিনী ভূপাতিত করে। তবে ড্রোনটির মালিক প্রতিবেশী দেশ মালির দাবি, ধ্বংসাবশেষটি সীমান্ত থেকে মালির ভূখণ্ডের সাড়ে ৯ কিলোমিটার ভেতরে পাওয়া গেছে।
এ ব্যাপারে আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রেডার চিত্রসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে তারা নিশ্চিত করেছে যে, ড্রোনটি আলজেরিয়ার আকাশসীমার ১ দশমিক ৬ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিল। বারবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে আলজেরিয়া মালির সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করেছে।
পাল্টা প্রতিক্রিয়ায় মালির পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয় জানায়, আলজেরিয়া আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতায় অটল থাকায় তারা আলজেরিয়ার সব ধরনের আকাশযানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। তবে, মালি এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি।
এই পরিস্থিতির পর, মালি এবং তাদের মিত্র দেশ বুরকিনা ফাসো ও নাইজার আলজেরিয়া থেকে তাদের রাষ্ট্রদূতদের ডেকে নেয়। এর জবাবে আলজেরিয়া নাইজার ও মালি থেকে তাদের রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেয় এবং বুরকিনা ফাসোতে নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ স্থগিত করে।
এই ঘটনার প্রেক্ষিতে, সাহেল অঞ্চলের তিনটি দেশ এক যৌথ বিবৃতিতে আলজেরিয়ার শাসকদের বিরুদ্ধে ‘দায়ীত্বজ্ঞানহীন আচরণের’ অভিযোগ তোলে এবং নিন্দা জানায়।
-B