ঢাকাঃ ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম বাড়ানো হয়েছে ২৪ টাকা ৫৯ পয়সা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়।
১২ এপ্রিল মধ্যরাত সোমবার (১৩ এপ্রিল )থেকে নতুন দাম কার্যকর হবে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দাম বাড়ানোর আগে প্রতি লিটার ফার্নেস অয়েল বিক্রি হতো ৭০ টাকা ১০ পয়সা করে। তবে, আজ রাত থেকে এই জ্বালানি বিক্রি হবে ৯৪ টাকা ৬৯ পয়সা করে। অর্থাৎ, লিটারে দাম বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি, পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে ফার্নেস অয়েলের দাম সমন্বয় করা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ের মূল্যহার, বিপিসির মজুতকরণ ও সরবরাহ চার্জ, তেল বিপণন কোম্পানিগুলোর চার্জ এবং সমন্বিত পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। সেই আদেশে ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ের মূল্যহার প্রতি তিন মাস ভিত্তিতে বা প্রয়োজন অনুসারে সমন্বয়ের কথা বলা হয়েছিল।
ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি মার্চ মাসে ক্রুড অয়েল আমদানি হয়নি বিধায় মার্চ মাসে পরিশোধিত ফার্নেস অয়েলের প্রকাশিত প্লাটস রেটের (আন্তর্জাতিক বাজারের দাম) গড় এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় এপ্রিল মাসের ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয় করার জন্য সুপারিশ করে। পরে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ওই সুপারিশ পর্যালোচনা করে নতুন এই দামের অনুমোদন দেওয়া হয়।
প্রসঙ্গত, দেশে আমদানি করা ফার্নেস অয়েলের একটি বড় অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। এই দাম বৃদ্ধির ফলে বিদ্যুতের দামের ওপর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, ফার্নেস অয়েলের দাম বাড়লে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন খরচও বেড়ে যাবে।
-B