ফ্লাইট বাতিলে আটকে পোশাক রফতানি

-মনিটর রিপোর্ট Date: 16 March, 2026
ফ্লাইট বাতিলে আটকে পোশাক রফতানি

ঢাকাঃ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতে নতুন সংকট তৈরি হয়েছে।

উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও ইত্তিহাদের অনেক ফ্লাইট বাতিল হওয়ায় জরুরি পোশাকের চালান ঢাকাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়ছে। 

বাংলাদেশের মোট এয়ার কার্গোর অর্ধেকের বেশি উপসাগরীয় হাবের মাধ্যমে পরিবাহিত হয়।

সমুদ্রপথেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক জাহাজকে বিকল্প দীর্ঘ রুটে যেতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় ও সময় দুটিই বাড়ছে। অনেক শিপিং লাইন নতুন বুকিংয়ে সতর্ক অবস্থান নিয়েছে, কেউ কেউ সাময়িকভাবে বুকিং স্থগিত করেছে।

রফতানিকারকদের মতে, বাংলাদেশের প্রায় ১০ শতাংশ পোশাক আকাশপথে এবং ৪০–৫০ শতাংশ জাহাজে উপসাগরীয় রুটে ইউরোপে যায়। আগে বিকল্প হিসেবে ভারতের ট্রানজিট সুবিধা ব্যবহার করা হলেও অন্তর্বর্তী সরকারের সময় তা বন্ধ হয়ে যায়। এখন প্যাসিফিক রুটই প্রধান বিকল্প হলেও এতে সময় ও খরচ বেশি।

রফতানিকারকরা বলছেন, ধারাবাহিকভাবে নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিলেন তারা। এখন নতুন উদ্বেগের কারণ হয়েছে মধ্যপ্রাচ্যে সংঘাত। 

এ বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে সমস্যা ঘনীভূত হবে তো বটেই। রেড সির কারণেই এখন সুয়েজ খাল দিয়ে যাতায়াত বন্ধ হয়েছে। 

এদিকে চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে দেশের পণ্য রফতানি আগের বছরের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে। একই সময়ে তৈরি পোশাক রফতানি কমেছে ৩ দশমিক ৭৩ শতাংশ। টানা কয়েক মাস নেতিবাচক প্রবৃদ্ধির মধ্যে নতুন এই পরিস্থিতি খাতটির জন্য বড় উদ্বেগ তৈরি করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

-B

Share this post



Also on Bangladesh Monitor