শিগগিরই বাংলাদেশে অফিস চালু করতে যাচ্ছে বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগলের অফিস।এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বাংলাদেশী তানভীর রহমানকে পরিচালক নিয়োগও দিয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই শিগগিরই এই ব্যাপারে ঘোষণা দেবেন বলে জানা গেছে।
প্রাতিষ্ঠানিকভাবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কাজ শুরু করবেন তানভীর রহমান। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহু-দেশীয় আন্তর্জাতিক দায়িত্ব পালন করবেন তিনি।
উল্লেখ্য যে,জাহিদ সবুরের পর বরিশালের সন্তান তানভীর রহমান দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই পদ পেলেন।
এ দিকে তানভীর রহমান শুধু গুগল বাংলাদেশের পরিচালক হিসেবেই নিয়োগ পাননি, গুগলের যুক্তরাষ্ট্র শাখার পরিচালক হিসেবেও নিয়োগ পেয়েছেন। তিনি একইসঙ্গে দুই অফিসে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে তানভীর রহমান বলেন, ‘গুগলের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়াটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। শিগগিরই গুগল থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। এতদিন যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন তাদেরকে সম্মানিত করতে চাই|’
উল্লেখ্য, গুগল এর আগে বাংলাদেশে কাজী মনিরুল কবীরকে কান্ট্রি কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছিল। তার সময়ে বাংলাদেশে গুগলের অফিস চালুর কথা শোনা গেলেও পরে আর তা হয়নি। কাজী মনিরুল কবীর সিঙ্গাপুরে গুগলের অফিস থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতেন।