বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ আর নেই

-মনিটর রিপোর্ট Date: 21 December, 2024
বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ আর নেই

ঢাকাঃ অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর।

ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমণ্ডির ৭ নম্বর বায়তুল আমান মসজিদে এ এফ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা নগরীর ধানমণ্ডি ৭-এর মসজিদে এশার নামাজের পর উপদেষ্টা এ এফ হাসান আরিফের জানাজায় শরিক হন।

এ ছাড়া আজ শনিবার (২১ ডিসেম্বর)হাইকোর্ট ও সচিবালয় প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসিও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এ এফ হাসান আরিফ ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন তিনি। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং সে সময় থেকে নিরবচ্ছিন্নভাবে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে আইনপেশা পরিচালনা করে আসছিলেন।

-B

Share this post



Also on Bangladesh Monitor